কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় সন্ত্রাসীরা এক কিশোরকে কুপিয়ে তার হাত ও পা বিচ্ছিন্ন করে ফেলেছে। আহত করেছে তার মাকেও। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। জোর করে বাড়ির জায়গা লিখে না দেওয়ায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।আহত দুজন হলেন রিংকু (১৫) ও মা বানেছা বেগম (৫০)। এলাকাবাসী ও পুলিশ জানায়, দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড এলাকার দিনমজুর ফুল মিয়ার দুই শতক জায়গা দলিল করে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল প্রতিবেশী সেলিম মিয়া। কিন্তু এতে সাড়া না দেওয়ায় মঙ্গলবার ভোরে সেলিম মিয়া তাঁর ছেলে মহসিন, রাকিব, জসিম ও স্থানীয় কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে ফুল মিয়ার বাড়িতে চড়াও হন। এ সময় তাঁরা চায়নিজ কুড়ালসহ অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে ফুল মিয়ার ছেলে রিংকু (১৫) ও স্ত্রী বানেছা বেগমের ওপর হামলা চালান। হামলায় রিংকুর ডান হাতের কবজি ও বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বানেছা বেগমকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিনই ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আরও হামলার আশঙ্কায় পরিবারের সদস্যরা এ নিয়ে মুখ খুলতে রাজি হননি। তবে সেলিম মিয়া ও তাঁর ছেলেদের অত্যাচারে এলাকার লোকজন ও ব্যবসায়ীরা অতিষ্ঠ বলেও স্থানীয় লোকজন অভিযোগ করেন।সদর থানার ওসি আবদুর রব প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেলিম মিয়া ও তাঁর ছেলেরা এ ঘটনা ঘটিয়েছেন বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। অভিযুক্ত লোকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’