প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘আপনার কুপুত্রকে জিহ্বা সামলে কথা বলতে বলবেন। বাংলার মানুষ এটা সহ্য করবে না। মানুষের কাছ থেকে জানোয়ার যে শিক্ষা পায়, তা-ই দেওয়া উচিত এবং মানুষ তা দেবেও।’
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের হাতে ‘অনেক রক্ত’ উল্লেখ করে তিনি তাঁর বিচার করারও প্রত্যয় ব্যক্ত করেন।
গতকাল বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ক্ষুব্ধ প্রধানমন্ত্রী বলেন, ‘লন্ডনে বসে সে যেভাবে কথা বলছে, তার নাম নিতেও ঘৃণা হয়। মানুষকে বিভ্রান্ত করার জন্য সে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। লেখাপড়া জানলে সে এভাবে কথা বলত না। মানুষ হয়নি বলেই জানোয়ারের মতো কথা বলে। জানোয়ারকে কীভাবে শিক্ষা দিতে হয়, তা বাংলার মানুষ জানে।’
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি স্লোগান, ‘ওরা মানুষ মারছে, আসুন আমরা পশু হত্যা করি’ স্মরণ করে শেখ হাসিনা বলেন, ইয়াহিয়া খান ছিল একটা জানোয়ার। তার (তারেক রহমান) কথায়ও ইয়াহিয়ার প্রতিধ্বনি। বেগম জিয়া তাঁর ছেলেদের কী শিক্ষা দিলেন? তাদের লেখাপড়ার জন্য রাষ্ট্রের কোষাগার থেকে টাকা দেওয়া হলো। রাষ্ট্রের টাকা কেন অপচয় করা হলো? পুত্রদের মানুষ না করে বড় চোর করেছেন। আমেরিকা ও সিঙ্গাপুরের আদালতেও এ বিষয়ে রায় হয়েছে। সিঙ্গাপুর থেকে কিছু টাকা ফেরতও এনেছি।’
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন। তিনি অপরাধ করেছেন বলেই আদালতে হাজিরা দেন না, পালিয়ে বেড়ান। তাঁর আইনজীবীরা আদালতকে অসম্মান করেন।
শেখ হাসিনা বলেন, ‘জাতিসংঘ থেকে আমার পুরস্কার নেওয়ার জন্য সজীব ওয়াজেদ জয়কে অফিসিয়ালি উপদেষ্টা করা হয়। তবে এ পদ অবৈতনিক, অনারারি। অনারারির কী অর্থ, তা কি তাঁরা জানেন?’
জিয়াউর রহমানই তাঁকে দেশে নিয়ে এসেছেন—বিএনপির এই দাবি প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়া আমাকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবনে ঢুকতে দেয়নি। মিলাদ পর্যন্ত পড়তে দেয়নি। জিয়া কীভাবে আমাকে আনবে? এ মাটি আমার। এক-এগারোর সময় আমার নামে মামলা ছিল। আমি ফিরে এসেছি। জিয়া দিল্লি ও লন্ডনে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, দেখা দেইনি।’
সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব উল আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী, কামরুল ইসলাম প্রমুখ।