কুমার ছুটবে আবার আপন বেগে

কুমার পরিষ্কার-পরিচ্ছন্ন হচ্ছে। ফরিদপুরবাসী প্রতীক্ষায় আছে সে জন্য। শহরের ভেতর দিয়ে প্রবাহিত কুমার নদ বিপুল ময়লা-আবর্জনা আর দখলে দূষিত হয়ে উঠেছে। লোকজন অনেক দিন থেকেই শহরের এই প্রাণপ্রবাহ সংস্কারের দাবি করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে নদী সংস্কারের জন্য ২৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। কাজ শিগগির শুরু হবে। এলাকাবাসীর দাবি, নদীটিকে একটি বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক।
কুমার নদ বেশ প্রশস্ত। শহরতলির মদনখালী এলাকায় পদ্মা নদী থেকে এর উৎপত্তি। উত্তর দিক থেকে ফরিদপুর শহরে প্রবেশ করে শহরকে দুই ভাগ করে বিভিন্ন উপজেলা ঘুরে ৭২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গোপালগঞ্জের সেনদিয়া ঘাট এলাকায় বিলরুট ক্যানেলে (আড়িয়াল খাঁ ও মধুমতী নদীর সংযোগ খাল) গিয়ে পড়েছে কুমারের স্রোতোধারা।
ফরিদপুর শহর গড়ে উঠেছে এই নদের দুই পারে। উভয় অংশের যোগাযোগের জন্য সাতটি সেতু আছে শহরের ভেতরে। এই সেতুগুলো চুনাঘাটা, উত্তর আলীপুর, অম্বিকাপুর, আলীপুর, তিতুমীর বাজার ও শরীয়তুল্লাহ বাজারের মাঝখানে, পূর্ব খাবাসপুর ও চরকমলাপুরে। এর মধ্যে পূর্ব খাবাসপুর ও চরকমলাপুরে জোড়া সেতু। এই দুই মহল্লার একটি সেতু অনেক পুরোনো। সংকীর্ণ বলে পাশাপাশি আরেকটি সেতু পরে নির্মাণ করা হয়েছে। একটি দিয়ে যানবাহন যায়, অন্যটি দিয়ে আসে। এই সাতটি ছাড়াও অম্বিকাপুরে একটি রেলসেতু রয়েছে, যার পাশ দিয়ে মানুষের চলাচলের জায়গা আছে। এতগুলো সেতু থাকায় নদ পারাপারের জন্য শহরবাসীর নৌকার প্রয়োজন হয় না। হেঁটে বা যেকোনো যানবাহনে হরদম এপার-ওপার করে তারা।
সরেজমিনে দেখা গেল, কুমার নদের দুই পারের জায়গা দখলদারদের কবলে চলে গেছে। বিশেষত ফরিদপুর শহরের ভেতরের ৯ কিলোমিটার অংশে দখল সবচেয়ে বেশি। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে, অন্তত ১ হাজার ৬০০ অবৈধ স্থাপনা গড়ে উঠেছে দুই পারে।
শহরের মদনখালী থেকে শুরু হয়েছে নদের পার দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ। মদনখালী থেকে নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা পর্যন্ত সর্বত্র দখলের চিহ্ন। মদনখালী, স্লুইসগেট, চুনাঘাটা, অম্বিকাপুর, আলীপুর, শরীয়তুল্লাহ বাজার, পশ্চিম ও পূর্ব খাবাসপুর, চর কমলাপুর ও বিলমামুদপুরে নদের দুই পাশে বিস্তীর্ণ এলাকা চলে গেছে দখলদারদের কবজায়।
নদী দখল করে বসতবাড়ি, দোকানপাট যেমন হয়েছে, তেমনি মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠান। বিদ্যালয়ের সীমানাপ্রাচীরও নির্মাণ করা হয়েছে। নির্মাণ করা হয়েছে ইটভাটা, বেকারিসহ হরেক করমের ছোট ও মাঝারি কারখানা, রয়েছে পৌরসভার গণশৌচাগারও। বাজার এলাকায় কাঁচা শাকসবজির বর্জ্য, কারখানার বর্জ্য, হাসপাতালের বর্জ্য, গেরস্থালি বর্জ্যসহ হেন কোনো আবর্জনা নেই, যা কুমারের বুকে ফেলা হচ্ছে না। পৌরসভার তিনটি নর্দমার পানি কোনো রকম পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে কুমার নদে। পৌর নর্দমার সঙ্গে কোনো কোনো বাড়ির পয়োনালার সংযোগ থাকায় মল-মূত্র এসে পড়ছে কুমার নদে। পাশাপাশি মাছ ধরা ও চাষের জন্য মাঝে মাঝে বাঁশের খুঁটি ও জাল দিয়ে প্রতিবন্ধক সৃষ্টি করা হয়েছে। খননযন্ত্র বসিয়ে অপরিকল্পিতভাবে বালু তোলা হচ্ছে নদীর গহ্বর থেকে। ফলে বিভিন্ন এলাকায় কচুরিপানা জমে এঁদো ডোবার মতো হয়েছে কুমারের চেহারা। শহরের হাজী শরীয়তুল্লাহ ও তিতুমীর বাজারসংলগ্ন এলাকা ও পূর্ব ও পশ্চিম খাবাসপুরের মতো আবাসিক এলাকায় নদীর পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিণত হয়েছে মশার জন্মস্থানে। মাঝে মাঝে নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনাও ঘটছে। এ কারণেই নদী সংস্কারের দাবি উঠেছে অনেক দিন থেকে।
জেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেল, ইতিমধ্যে নদ সংস্কারের জন্য ২৫০ কোটি ৮১ লাখ টাকার একটি প্রকল্প গত বছরের ১০ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে পাস হয়েছে। জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘কুমার নদ পুনঃখনন’ নামের এই প্রকল্পে নকশা অনুমোদনের জন্য নকশা পরিদপ্তরে পাঠানো হয়েছে। নকশা অনুমোদনের পর কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌবাহিনী।
নদী সংস্কার হবে তিনটি পর্যায়ে। মূল কুমার নদের ৭১ কিলোমিটার, মরা কুমার নদের (এটি কুমারের শাখা) ১১৯ কিলোমিটার এবং মান্দারতলা খালের (কুমার থেকে উৎপত্তি হওয়া খাল) ৭ কিলোমিটার এলাকা খনন ও সংস্কার করে স্লুইসগেট নির্মাণ। এ ছাড়া নদের উৎসমুখ খনন ও রেগুলেটর নির্মাণ করা হবে। কাজ শেষের সময় ধরা হয়েছে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত।
মূল কুমারের যে ৭১ কিলোমিটার সংস্কার হচ্ছে, তার প্রথম পর্যায়েই উচ্ছেদ করা হবে দুই পারের অবৈধ দখল। নির্বাহী প্রকৌশলী জানান, অবৈধ স্থাপনার তালিকা তৈরি করা হয়েছে। জমা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে। প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে চালানো হবে উচ্ছেদ অভিযান। জেলার সদর আসনের সাংসদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই প্রকল্পের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। তিনি এলাকাবাসীকে বলেছেন, কুমার নদ দখলমুক্ত ও সংস্কার করে এটিকে বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সে জন্য শহরের ভেতরের অংশে নদের দুই পাশে হাঁটার সড়ক তৈরি করা হবে। সংস্কারের ফলে নদীর পানি দূষণমুক্ত হবে। নদীতে গোসলের জন্য বিভিন্ন স্থানে ৬১টি পাকা ঘাট ও নারীদের পোশাক পরিবর্তনের জন্য ঘাটের পাশে ঘর নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে নদীকে বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলারও সুযোগ থাকবে।
কুমার নদ সংস্কার প্রসঙ্গে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘ফরিদপুর নিসর্গ সংসদ’-এর সদস্য মুজিবুর রহমান বলেন, নদী সংস্কার শহরবাসীর প্রাণের দাবি। অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি সবার আগে প্রয়োজন এর উৎস পদ্মা নদীর সঙ্গে সংযোগ সৃষ্টি করা। উৎসে পদ্মার সঙ্গে কুমারের সংযোগ প্রায় বন্ধ হয়ে পড়েছে। পদ্মার সঙ্গে সংযুক্ত করা হলে নদের পানিপ্রবাহ বাড়বে। কুমার হারানো যৌবনও ফিরে পাবে। নদীর জীববৈচিত্র্য ফিরবে।
ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সদস্য আলতাফ হোসেনও বলেন, কুমার নদ সংস্কার হলে এটি শহরবাসীর জন্য হবে একটি খুবই আশাব্যঞ্জক ঘটনা। এখন কুমারের পানি ব্যবহার করা যায় না। সংস্কার হলে কুমার আবার শহরের ধমনি হয়ে উঠবে।