কুমার নদে টিউব ফসকে ডুবে তরুণের মৃত্যু

মাদারীপুরে কুমার নদে গোসল করতে নেমে আসিফ মোল্লা (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে সদর উপজেলার নয়ারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আসিফ একই এলাকার হায়দার মোল্লার ছেলে এবং সরকারি নাজিমউদ্দিন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আসিফ তাঁর বন্ধুদের সঙ্গে দুপুরে গোসল করতে কুমার নদে যান। তিন–চারজন মিলে গাড়ির একটি টিউব নিয়ে সাঁতার কাটতে কাটতে নদের মাঝখানে চলে যান। ঘটনাক্রমে টিউবটি হাত ফসকে স্রোতে ভেসে যায়। অন্যরা আবারও সাঁতরে টিউবটি ধরে পাড়ে ফিরতে পারলেও তলিয়ে যান আসিফ। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল এলাকাবাসীর সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা নদে বিভিন্ন স্থান তল্লাশি করে আসিফের লাশ উদ্ধার করে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আমজাদ হোসেন জানান, ‘দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে নদের মধ্যে তলিয়ে যাওয়া অবস্থায় কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার করেছি। নিহত তরুণের পরিবার জানায়, আসিফ মৃগীরোগে আক্রান্ত ছিলেন।