কুমার নদে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বন্ধুদের সঙ্গে কুমার নদে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুছ শাকিব (২২)। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায়। নাজমুছ সাকিব অনার্স (ইংরেজি) শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি পশ্চিম আলীপুরের বাসিন্দা জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এফএজিএম) মো. আনিসুর রহমানের একমাত্র ছেলে।

এলাকাবাসী ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিব ঈদের ছুটিতে ফরিদপুর এসেছিলেন। আজ বেলা একটার দিকে অন্য চার বন্ধুর সঙ্গে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে নেমে ডুবে যান শাকিব। খবর পেয়ে ফরিদপুর দমকল বাহিনীর একটি দল বেলা সোয়া দুইটার দিকে তাঁকে নদ থেকে উদ্ধার করে। শাকিবকে দ্রুত ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা ফাতেমা নাজনীন তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মেডিকেল কর্মকর্তা ফাতেমা নাজনীন প্রথম আলোকে বলেন, শাকিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা বেলা সোয়া একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দমকল বাহিনীর ডুবুরিরা এক ঘণ্টার চেষ্টায় শাকিবের মৃতদেহ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, শাকিবের ডুবে যাওয়ার আশপাশে পানির গভীরতা পাঁচ ফুট। তবে যেখান থেকে তাঁকে উদ্ধার করা হয়, সেটি ছিল একটি গর্ত এবং সেখানে পানির গভীরতা ২০ ফুট।