কুমার নদের ওপর নির্মাণাধীন ভবন উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদ দখল করে নির্মাণাধীন ভবন গত বৃহস্পতিবার ভেঙে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মো. মোস্তাফা কামাল। তাঁর সঙ্গে ছিলেন প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘নদ দখল করে ভবন’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
জানতে চাইলে আবু হেনা মো. মোস্তাফা কামাল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকালে প্রথম আলো পড়ে নদ দখল করে ভবন নির্মাণের খবরটি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পান। এরপর নির্মাণাধীন ভবনের পাকা অংশের পুরোটা ভেঙে ফেলার নির্দেশ দেন।
গত সোমবার সেখানে গুঁড়িয়ে দেওয়া ভবনের বড় বড় খণ্ড পড়ে থাকতে দেখা যায়।