কুমার নদের জায়গায় দোকানপাট নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত কুমার নদের জায়গা দখল করে দোকান নির্মাণ করা হচ্ছে। শহরের তিতুমীর বাজার ও হাজি শরীয়তুল্লাহ বাজারসংলগ্ন কুমার নদে আলীমুজ্জামান বেইলি সেতুর দুই প্রান্তে নদের জায়গা দখল করে দুটি বড় আকারের দোকান নির্মাণ করা হচ্ছে। গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, নদের পশ্চিম পাড়ে বেইলি সেতুসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন জায়গায় বড় আকারের একটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। পূর্ব পাড়ে আরেকটি দোকানের নির্মাণকাজ চলছে। নদে আরসিসি পিলার ও বাঁশের খুঁটি পুঁতে কাঠের পাটাতন ও টিন দিয়ে দোকান দুটি নির্মাণ করা হচ্ছে।এলাকাবাসীর ভাষ্যমতে, ২ মার্চ থেকে নির্মাণ শুরু হয়েছে। পশ্চিম পাড়ের দোকান নির্মাণের কাজ শেষ হয়ে গেছে। এটি নির্মাণ করেছেন হাজি শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ী জামাল হোসেন। পূর্ব পাশের দোকানটি নির্মাণ করছেন শহরের আলীপুর বশার মিয়া বস্তি এলাকার আলমগীর হোসেন।আলমগীরের দোকান নির্মাণে বাচ্চু, সুরু, নীল কমল ও শরিফুল নামের চারজন মিস্ত্রি কাজ করছেন। তাঁরা জানান, প্রতিদিন জনপ্রতি ৪৫০ টাকার বিনিময়ে তাঁরা এ কাজ করছেন। বর্তমানে এখানে মেঝের কাঠের পাটাতনের কাজ শেষ করে সিলিং দেওয়ার কাজ চলছে।হাজি শরীয়তুল্লাহ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নূর ইসলাম বলেন, ‘মুরগির ব্যবসায়ী জামাল হোসেন যখন দোকান নির্মাণের কাজে হাত দিয়েছে, তখনই এ ব্যাপারে বিতর্ক উঠেছে। বিতর্ক ওঠার পর তাঁকে নিয়ে বসেছিলাম। তিনি দাবি করেন ওই জমি পাউবোর কাছ থেকে বাৎসরিক ইজারা নিয়েছেন। আর পূর্ব পাড়ে কারা দোকান তুলছেন, তা আমার জানা নেই।’জামাল হোসেন দাবি করেন, তিনি দুই বছর আগে এক হাজার ২০০ বর্গফুট জায়গা পাউবোর কাছ থেকে ইজারা নিয়েছেন। তবে তিনি স্বীকার করেন, যে দোকানটি নির্মাণ করা হয়েছে, সেটা আয়তনে ইজারাকৃত জায়গা থেকে কিছুটা বড়।আলীপুর বশার মিয়া বস্তির আলমগীর হোসেন বলেন, ‘আমরা ১৮-২০ জন বেকার যুবক একতা সমিতি নামে একটি সমিতি গঠন করেছি। এই সমিতির উদ্যোগে একটি খাবার হোটেল নির্মাণের জন্য আমরা ঘরটি নির্মাণ করছি। তবে এ ব্যাপারে আমরা পাউবোর কোনো অনুমতি নিইনি।’ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আ. মতিন সরকার জানান, শহর এলাকায় কাউকে কোনো জমি ইজারা দেওয়া হয়নি। জামাল হোসেন নদের জায়গা দখল করে ঘর তুলে নদের ক্ষতিসাধন করছেন। এ বিষয়ে গত সপ্তাহে কোতোয়ালি থানায় জামাল হোসেনকে আসামি করে পাউবোর পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। অপর ব্যক্তির বিরুদ্ধে আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।