ফরিদপুরে কুমার নদ থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে মাটি কেটে বিক্রি করছেন সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. খোরশেদ মোল্লা। তাঁর দাবি, এ কাজ করে তিনি নদী খননে সহায়তা করছেন। ঘটনাটি ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের বাহিরদিয়া এলাকার।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বাহিরদিয়া সেতুর পূর্ব পাশ থেকে আনুমানিক ২৪০ ফুট দূরে মাটি কাটার জন্য যথাক্রমে ১৬ ও ১২ অশ্বশক্তির দুটি মেশিন স্থাপন করা হয়েছে। একটি দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে সেতুর নিচ দিয়ে প্রায় ৫০০ ফুট দূরে অবস্থিত আবুল মণ্ডলের বাড়িতে ও অপরটি দিয়ে উত্তর-পূর্ব দিকে প্রায় ৪০০ ফুট দূরে মোল্লাবাড়ির পারিবারিক কবরস্থানে মাটি নেওয়া হচ্ছে। আবুল মণ্ডল জানান, প্রতি হাজার ঘনফুট মাটি নেওয়া বাবদ আড়াই হাজার টাকা দিতে হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত প্রায় পাঁচ হাজার ঘনফুট মাটি তাঁর জমিতে ফেলা হয়েছে।মেশিন চালানোর কাজে নিয়োজিত খলিলপুর গ্রামের মো. রাজ্জাক (২৫) জানান, গত ৩০ মার্চ থেকে মাটি কাটা হচ্ছে। খোরশেদ মোল্লার পক্ষে মাচ্চরের নিজাম মোল্লা তাঁদের ভাড়া করে এনেছেন। আরেক শ্রমিক মো. রানা জানান, ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাটি উত্তোলন করা হয়। প্রতিদিন প্রায় দেড় হাজার ঘনফুট মাটি কাটা হচ্ছে।বাহিরদিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম জানান, নদ থেকে মাটি কাটতে তিনি নিষেধ করেছিলেন। আপাতত এর ক্ষতি হয়তো চোখে ধরা পড়ছে না, কিন্তু পরে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশের বৈঠাখালী এলাকার আবুল কাশেম জানান, অপরিকল্পিতভাবে মাটি কাটায় সেতু, মহাসড়ক ও সেতুসংলগ্ন বাহিরদিয়া বাজার ভাঙনের মুখে পড়তে পারে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অনুমতি ছাড়াই নদ থেকে মাটি কাটার কথা স্বীকার করে খোরশেদ মোল্লা জানান, জেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতারা বিষয়টি জানেন এবং এ কাজে তাঁদের সমঞ্চতি আছে। তিনি বলেন, ‘নদ থেকে মাটি কাটায় দেশের উপকার হচ্ছে, এ কাজ করে আমি নদী খননে সহায়তা করছি।’ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, সেখানে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেবেন।