কুমারখালী ও দাউদকান্দিতে ১৪৪ ধারা
কুষ্টিয়ার কুমারখালী ও কুমিল্লার দাউদকান্দিতে একই সময়ে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি জনসভা আহ্বান করায় স্থান দুটিতে গতকাল সোমবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কুমারখালীতে বেলা ১১টায় এবং দাউদকান্দিতে বিকেলে ওই সব জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ উজ জামান বলেন, প্রশাসনের কাছে অনুমতি না নিয়েই চরসাদিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনের মাঠে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সভা ডাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ওই ইউনিয়নে গতকাল সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
১৪৪ ধারা জারির প্রতিবাদে বেলা দুইটার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ জানান, ১০-১২ দিন আগেই জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মীর বিএনপিতে যোগ দেওয়ারও কথা ছিল। কিন্তু পরিকল্পিতভাবে এ জনসভা বানচাল করা হয়েছে।
চরসাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বলেন, ঈদের আগের দিন থেকে আওয়ামী লীগের জনসভা আয়োজন করা হয়। বিএনপির জনসভায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের যোগ দেওয়ার সম্ভাবনার বিষয়টি অস্বীকার করেন তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভদ্র বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় চরসাদিপুরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি উত্তর ইউনিয়নের হাসনাবাদ ভিটিকান্দি বাজার মাঠে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন বিকেলে দ্বিবার্ষিক সম্মেলন আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের।
তবে একই সময়ে একই স্থানে দাউদকান্দি উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও জনসভা আহ্বান করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার।
এ পরিস্থিতিতে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার জাকির হোসেন গতকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জনসভাস্থল ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করেন।
উপজেলা বিএনপির সভাপতি এ কে এম সামছুল হক বলেন, ‘ঈদের আগ থেকেই আমাদের ওই সম্মেলনের প্রস্তুতি ছিল। প্রশাসনের কাছে আবেদনও করা হয়। কিন্তু সম্মেলন পণ্ড করতে আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা কর্মিসভা ডাকা হয়।’
দাউদকান্দি উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জামাল হোসেন বলেন, ‘আমরা কর্মিসভার জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করে এলাকায় মাইকিংসহ সব প্রচারণা চালিয়েছি।’
ইউএনও জাকির হোসেন বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে একই স্থানে জনসভা করার অনুমতি না দিয়ে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।