কুমারখালী ও বেগমগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে হামলা
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামে গত মঙ্গলবার রাতে একটি হিন্দু পরিবারের তিনটি ঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের মধ্যম জিরতলী গ্রামে একটি হিন্দু বাড়ির রান্নার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নানের লোকজনকে দায়ী করেছে হামলার শিকার পরিবারটি। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর ধরে দয়রামপুর গ্রামের অশোক ঘোষের সঙ্গে চার শতাংশ জমি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা ইসার আলী ও কালাম প্রামাণিকের বিরোধ চলছিল। তাঁরা কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নানের লোক। মঙ্গলবার সকালে ইসার আলী অশোক ঘোষের ছেলে কার্তিক ঘোষকে সভায় যেতে বলেন। কার্তিক সভায় যেতে আপত্তি জানালে ইসার আলী ক্ষিপ্ত হন। রাত নয়টার দিকে তাঁর নেতৃত্বে ৩০-৩৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে অশোক ঘোষের বাড়িতে হামলা চালায়।অভিযোগের ব্যাপারে জানতে আবদুল মান্নানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কেটে দেন। খুদে বার্তা পাঠালেও সাড়া মেলেনি। ইসার আলী ও কালামকেও পাওয়া যায়নি। কুমারখালী থানার ওসি আলী নেওয়াজ বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় কার্তিক ঘোষ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মঙ্গলবার রাতেই মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ইব্রাহীম হোসেন ও আবদুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের মধ্যম জিরতলী গ্রামে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিমল চন্দ্র দাসের বাড়ির রান্নার ঘরে আগুন দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সোয়া দুইটার দিকে বাড়ির লোকজন রান্নার ঘরে আগুন জ্বলতে দেখেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিমল অভিযোগ করেন, তাঁদের বাড়িতে বসবাসকারী তাঁর বোনের এবং পার্শ্ববর্তী বাড়ির একটি পরিবারের সঙ্গে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। বোনের সঙ্গে বিরোধ নিয়ে এলাকার আরেকটি পক্ষও তাঁদের বিরুদ্ধে কাজ করছে। এসব কিছুর জেরে এ ঘটনা ঘটতে পারে। বেগমগঞ্জ থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কেউ অভিযোগ করেননি।