কুমারখালী কলেজে পিঠা মেলা
কুষ্টিয়ার কুমারখালী কলেজে গতকাল মঙ্গলবার পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। কলেজ চত্বরে সকাল আটটায় এ মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ মো. শরীফ হোসেন। কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় লোকজন পিঠা মেলা ঘুরে দেখেন এবং হরেক রকম পিঠার স্বাদ নেন।
কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার বলেন, শীতের বিদায়লগ্নে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতিকে তুলে ধরার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। শিক্ষকদের তত্ত্বাবধানে বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পিঠা তৈরি ধুম পড়ে। অল্প সময়ের মধ্যেই সরা, পাটিসাপটা, ভাপা, তিল কুশলী, কাটা, ফুল, শামুক, ভাজা প্রভৃতি পিঠা তৈরি করে প্রদর্শন করা হয়। এ সময় বিচারক প্যানেলের সদস্যরা স্টল ঘুরে দেখেন এবং সেরা স্টল নির্বাচন করেন। বাংলা বিভাগের স্টল প্রথম, যৌথভাবে অর্থনীতি বিভাগ ও বিজ্ঞান বিভাগ দ্বিতীয় এবং ব্যবসায় শিক্ষা বিভাগের স্টল তৃতীয় হয়। দুপুর ১২টায় সেরা স্টলসহ মেলায় অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেওয়া হয়।
বাংলা বিভাগের প্রভাষক জিন্নাত আরা সুলতানা বলেন, ‘শীতের মৌসুমে মায়েরা হরেক রকমের পিঠা তৈরি করেন। ছোটবেলায় তাঁদের দেখেই পিঠা বানানো শিখেছি। বর্তমানে পিঠা সংস্কৃতি প্রায় বিলুপ্ত। এ বিষয়ে কলেজের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়েছে। বাংলা বিভাগ ২১ রকমের পিঠা তৈরি করে সেরা স্টলের পুরস্কার পেয়েছে।’