কুমারখালী শহর রক্ষা বাঁধে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় শহর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে কুমারখালী শহর ও গড়াই নদ-তীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এক সপ্তাহ ধরে ওই এলাকায় শহর রক্ষা বাঁধের ব্লক ধসে নদীতে চলে যাচ্ছে।
কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের (এলঙ্গী) কাউন্সিলর হারুন-অর-রশীদ জানান, হঠাৎ করে শহর রক্ষা বাঁধে ফাটল এবং ব্লক ধসে নদীতে চলে যাওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে পৌর এলাকার কিছু অংশ গড়াই নদের ভাঙনে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
গতকাল মঙ্গলবার পৌর মেয়র সামছুজ্জামান অরুণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়র বলেন, ইতিপূর্বে পৌর এলাকার কয়েক শ স্থাপনা গড়াই নদে বিলীন হয়ে গেছে। নদীর পানি কমার সঙ্গে সঙ্গে বাঁধে ফাটল ও ধস শুরু হয়েছে। এলঙ্গী এলাকায় ৩০০ থেকে ৪০০ মিটার বাঁধে ধস দেখা দিয়েছে।
নদ-তীরবর্তী এলাকার কয়েকজন বাসিন্দা জানান, প্রতিদিনই বাঁধের ব্লক নদীগর্ভে চলে যাচ্ছে। এ কারণে বাড়িতে বসবাস করতে তাঁরা ভয় পাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, ওই বাঁধটি অনেক আগে নির্মাণ করা হয়েছে। ধসের বিষয়টি মেয়র সামছুজ্জামান মুঠোফোনে জানিয়েছেন। অবরোধের কারণে তিনি ঘটনাস্থলে যেতে পারছেন না বা কাউকে পাঠাতে পারছেন না।