কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সাহেব আলী (৪৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার চরচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ছয়-সাতজন ব্যক্তির সঙ্গে চরচাপড়া গ্রামের বাজার থেকে সাহেব আলী বাড়ি ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে সাহেব আলীসহ সাতজন মারাত্মক আহত হন। ওই রাতেই তাঁদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহেব আলী মৃত্যুবরণ করেন। এলাকাবাসী অভিযোগ করেন, ওই গ্রামের সাহেব আলী ও বদির উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরেই সাহেব আলীকে হত্যা করা হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নওয়াজ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।