কুমারখালীতে দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দক্ষিণ মনোহরদি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও কুমারখালী থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে দক্ষিণ মনোহরদি গ্রামে আলাউদ্দিন-সমর্থিত লোকজনের সঙ্গে একই এলাকার বদর উদ্দিনের লোকজনের সংঘর্ষ হয়।স্থানীয় ব্যক্তিরা সংঘর্ষে আহত ৩০ জনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেছে। অবস্থার অবনতি হলে তাদের মধ্যে সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।বদর উদ্দিন অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সকালে তাঁর ছেলে গ্রামের একটি সেতুর ওপর বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিল। এ সময় আলাউদ্দিনের লোকজন তাঁর ছেলেকে মারধর করে। ওই ঘটনার প্রতিবাদ করায় আজ (শুক্রবার) সকালে আলাউদ্দিন ১২-১৩ জন লোক নিয়ে তাঁর (বদর উদ্দিন) এক সমর্থকের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।আলাউদ্দিনের পক্ষের রহমত আলী জানান, বদরের বাড়ি আর আলাউদ্দিন-সমর্থিত এক ব্যক্তির বাড়ি পাশাপাশি। সকালে বদরের লোকজন অতর্কিতভাবে ওই বাড়িতে হামলা চালায়।কুমারখালী থানার ওসি খন্দকার ফেরদৌস আহম্মেদ বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।