কুমারখালীতে ভাঙনের মুখে বিদ্যালয় ভবন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর সাদীপুর ইউনিয়নের চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পদ্মা নদীর ভাঙনের মুখে পড়েছে। বিদ্যালয়ের ভবনটি যেকোনো মুহূর্তে নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
বিদ্যালয়টির সহকারী শিক্ষিকা রেশমা পারভীন বলেন, ভাঙনের আতঙ্কে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। অতিবৃষ্টি ও অতিরিক্ত বাতাসে নদীতে ঢেউ দেখা দিলেই ছাত্রছাত্রীদের নিয়ে আতঙ্কে থাকতে হয়। ইতিমধ্যে বিদ্যালয়ের একটি শৌচাগার নদীগর্ভে চলে গেছে।
স্থানীয় বাসিন্দা কমেলা খাতুন বলেন, ১৫-২০ দিন আগেপদ্মার পানি বেড়ে যাওয়ায় চর সাদীপুর ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে যেতে থাকে। চার দিন আগে বিদ্যালয়ের পাশেই মসজিদের এক পাশ ভেঙে পড়ে। এ সময় লোকজন মসজিদের আসবাব অন্যত্র সরিয়ে নেন।
চর ঘোষপুর জামে মসজিদের ইমাম আবদুল কাইয়ুম বলেন, এবার ভাঙনের তীব্রতা বেশি। ১৫-২০ দিনের মধ্যে দেখতে দেখতেই মসজিদটির অর্ধেকাংশ ভেঙে পড়ল নদীতে। অনেকেই ফসলি জমি, বসতবাড়ি ও গাছপালা হারিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, দুর্গম চরাঞ্চলের চর ঘোষপুর সরকারি বিদ্যালয়টি ২০০৮ সালে নির্মাণ করা হয়েছিল। সেখানে প্রায় ২০০ ছাত্রছাত্রী পড়ে। ভাঙন প্রতিরোধে তাৎক্ষণিকভাবে করণীয় কিছুই নেই। তবে বিদ্যালয়টি স্থানান্তরের প্রয়োজন হলে মন্ত্রণালয়ে চিঠি লেখা হবে।
চর সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বলেন, পদ্মার অব্যাহত ভাঙনের ফলে চর সাদীপুর ইউনিয়নের আয়তন ছোট হয়ে আসছে। ফলে কমে যাচ্ছে ফসলি জমি। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে মানুষ।