কুমারখালীতে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোবিন্দপুর গ্রামের পদ্মা নদীর চর থেকে গত সোমবার সন্ধ্যায় মিঠু শেখ (২৩) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তেঁতুলিয়া গ্রামে।পরিবারের বরাত দিয়ে কুমারখালী থানার পুলিশ জানায়, গত শনিবার বিকেলে মিঠু তাঁর মামাবাড়ি বালিয়াকান্দির সূর্যনগরের উদ্দেশে রওনা হন। এর পর থেকে তাঁর সন্ধান পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন মিঠুর লাশ পড়ে থাকতে দেখে কুমারখালী থানার পুলিশকে খবর দেয়।গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মিঠুর লাশ শনাক্ত করেন তাঁর বাবা হাসেম আলী। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।মিঠুর বাবার বরাত দিয়ে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (খোকসা-কুমারখালী সার্কেল) সি এ হালিম প্রথম আলোকে বলেন, কয়েক মাস আগে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের কারণে পুলিশ মিঠুকে ধরে নিয়ে যায়। তিনি কয়েকবার বালিয়াকান্দির বহরপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। সি এ হালিম বলেন, মিঠু মাগুরা, রাজবাড়ী, কুষ্টিয়া জেলার কোনো চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মিঠু হত্যার ঘটনায় কুমারখালী থানার পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে।