কুমারখালীতে স্প্রিট পানে চারজনের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার সকালে চারজনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী বলছে, স্প্রিট পানে তাঁদের মৃত্যু হতে পারে।এলাকাবাসী জানায়, উপজেলার উদয়কৃষ্ণপুর গ্রামের রবিউল ইসলাম (৪২) ও খলিলুর রহমান (৫০), সেরকান্দি গ্রামের খোকন প্রামাণিক (৫২), এলঙ্গী বাগানপাড়া গ্রামের সেলিম হোসেন (৪২) এবং দুর্গাপুর গ্রামের সুনীল (৫৪) শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন।তাঁদের মধ্যে খলিলুর রহমানকে শুক্রবার রাতে আশঙ্কাজনক অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। একই হাসপাতালে গতকাল দুপুরে মারা গেছেন খোকন প্রামাণিক। গতকাল ভোরে নিজের বাড়িতে মারা যান রবিউল ইসলাম। আর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়ার পথে গতকাল সকালে মৃত্যু হয় সুনীলের।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আকুল উদ্দিন বলেন, তিনজনের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন। তাঁদের পরিবারের সদস্যরা জানায়, বাড়িতে তাঁরা বুকে ব্যথা অনুভব করেন এবং বমি করেন।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান গতকাল বিকেলে বলেন, নির্বাচনের দায়িত্বে তিনি কুষ্টিয়া সদরে অবস্থান করছেন। তিনজনের মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।তবে স্থানীয় লোকজনের ধারণা, লাইসেন্সধারী বাংলা মদের দোকান কয়েক দিন ধরে বন্ধ থাকায় মাদকসেবীরা স্প্রিট পানের দিকে ঝুঁকেছে। অতিরিক্ত স্প্রিট পানেই ওই চারজনের মৃত্যু হতে পারে।