কুমারখালীতে সড়কের গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তরুণ মোড় থেকে মালিয়াট এলাকা পর্যন্ত সড়কের গাছ কেটে নেওয়া হচ্ছে। (ইনসেটে) কেটে নেওয়া গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তরুণ মোড় থেকে মালিয়াট এলাকা পর্যন্ত সড়কের গাছ কেটে নেওয়া হচ্ছে। (ইনসেটে) কেটে নেওয়া গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

কুষ্টিয়ার কুমারখালীতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত কয়েক দিনে বাটিকামারা তরুণ মোড় থেকে মালিয়াট রেলগেট এলাকা পর্যন্ত অন্তত ৩০টি গাছ কেটে নেওয়া হয়েছে।
সরেজমিন গতকাল মঙ্গলবার ঘুরে দেখা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক থেকে কাটা গাছের গুঁড়ি বাটিকামারা তরুণ মোড় এলাকার দুটি করাতকলে চিড়ানোর জন্য রাখা হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, কেটে নেওয়া কয়েকটি গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ীদের কাছেও গাছ বিক্রি করা হয়েছে। কাটা গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কোথাও কোথাও স্থানীয় লোকজন মাটি খুঁড়ে ওই গাছের গোড়া তুলে নিয়ে যাচ্ছেন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির বটতৈল-খোকসা সঞ্চালন লাইনের খুঁটি পোঁতার কাজ চলছে। আর ওই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে সওজের কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের গাছ। পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট ঠিকাদারের লোকেরা গাছের ডালপালা কেটে দিচ্ছেন।
স্থানীয় ৮ থেকে ১০ জন বাসিন্দা বলেন, গাছের ডাল কাটার অজুহাতে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের কতিপয় কর্মী প্রকাশ্যে গাছ কাটতে শুরু করেন। কয়েক দিনে মেহগনি, কড়ই, গামারি, বাবলা ও ইপিলইপিলসহ ৩০টির বেশি গাছ কাটা হয়েছে। তাঁরা আরও বলেন, শুধু রাস্তার গাছই নয়, তাঁরা রাস্তার পাশে জমির মালিকদের লাগানো গাছও কেটে নিয়ে যাচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বলেন, ‘ঠিকাদারের লোকজন আমার বাড়ির সামনের সড়কের গাছের ডাল কেটেছে। কয়েকটি ডাল বাড়ির সামনে পড়ে আছে। গাছ কাটার প্রশ্নই আসে না।’
পল্লী বিদ্যুৎ সমিতি কুমারখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক স্বদেশ ঘোষ বলেন, ‘বটতৈল-খোকসা সঞ্চালন লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত গাছের ডাল কাটার কোনো বিধান নাই। কারা কাটছে জানা নেই।’
এ ব্যাপারে সওজ কুষ্টিয়ার উপবিভাগীয় প্রকৌশলী দেব দয়াল সরকার বলেন, পল্লী বিদ্যুতের লোকজন অনুমতি নিয়ে কিছু ডাল কাটার কথা বলেছিল। কিন্তু গাছ কেটে নেওয়ার বিষয়টি জানা ছিল না।
সওজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।