কুমারখালীর একটি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক জহির রায়হান আনুষ্ঠানিকভাবে ওই ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন।
এ উপলক্ষে সদকী ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জহির রায়হান। জেলা প্রশাসক জহির রায়হান বলেন, এখন থেকে সদকী ইউনিয়নের কোনো বাসিন্দা ভিক্ষাবৃত্তি পেশায় জড়িত হতে পারবেন না এবং বহিরাগত ভিক্ষুকেরাও এখানে আসতে পারবেন না। সরকারি সহায়তার পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও স্থানীয় দানশীল ব্যক্তির অনুদানের মাধ্যমে তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরে ইউএনও সাহেলা আক্তার ভিক্ষা না করার জন্য তালিকাভুক্ত ৫০ জনকে অঙ্গীকার করান এবং তাঁদের হাতে খাবার, শাড়ি, লুঙ্গি, গামছাসহ গৃহস্থালি সামগ্রী তুলে দেন। তিনি জানান, উপজেলায় মোট ৩৭৬ জন ভিক্ষুক রয়েছেন।