কুমির গণনা শুরু
সুন্দরবনে প্রথমবারের মতো শুরু হয়েছে পদ্ধতিগত উপায়ে কুমির গণনার কাজ। গত রোববার মংলা ফরেস্ট ঘাটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ।
সুন্দরবনের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনার বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহিদুল কবির জানান, সুন্দরবনে লবণ পানি প্রজাতির কুমিরের প্রকৃত সংখ্যা নির্ণয় ও সেই আলোকে কুমিরের ব্যবস্থাপনার লক্ষ্যে এই জরিপ। বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে বন বিভাগ ও বেসরকারি সংস্থা ক্যারিনাম যৌথভাবে এ কাজ করছে। মূলত চোখে দেখার ভিত্তিতে জরিপ পরিচালনা করা হবে। প্রায় ৫০ জন কর্মী সুন্দরবনের চাঁদপাই, শরণখোলা, নলিয়ান ও সাতক্ষীরা এ চারটি রেঞ্জে ভাগ হয়ে ফেব্রুয়ারি মাসজুড়ে তথ্য সংগ্রহ করবেন। পরিসংখ্যানের ফলাফল এপ্রিল মাসের দিকে পাওয়া যাবে।