পূর্ব সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে কুমির দেখভালের জন্য দুই বছরের বেশি সময় ধরে কোনো বিশেষজ্ঞ নেই। এমনকি বর্তমানে নেই কোনো দক্ষ কর্মচারীও। সম্প্রতি এই কেন্দ্রে কুমিরের ৬২টি ছানার রহস্যজনক মৃত্যুর পরিপ্রেক্ষিতে বিষয়টি বেরিয়ে আসে।
সুন্দরবনের পূর্ব বিভাগ সূত্রে জানা গেছে, লবণ-পানি প্রজাতির কুমিরের প্রজনন বৃদ্ধি ও লালন-পালনের উদ্দেশ্যে ২০০২ সালে করমজল পর্যটন কেন্দ্রে ৩২ লাখ টাকা ব্যয়ে আট একর জায়গার ওপর গড়ে তোলা হয় সরকারি এ প্রাণী প্রজননকেন্দ্র। এরপর কুমির লালন-পালন ও বন্য প্রাণীর ওপর বিশেষ প্রশিক্ষণের জন্য বন বিভাগ তাদের দুজন কর্মকর্তা নির্মল কুমার হাওলাদার ও আবদুর রবকে এক বছরের জন্য অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ওয়াইল্ড লাইফ কনজারভেশন সেন্টারে পাঠায়। এরপর থেকে রব এ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালে অবসরে যান। এরপর থেকে এখন পর্যন্ত কুমির অথবা প্রাণী বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়নি। এদিকে ২০০৮ সালে প্রকল্পটির কাজ শেষ হয়ে গেলে নির্মল কুমার আর কেন্দ্রের সঙ্গে যুক্ত হননি।
সূত্রটি আরও জানায়, বায়োডাইভারসিটি কনজারভেশন প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত জাকির হোসেন (৩০) নামের একজন কর্মচারী আবদুর রবের সহকারী ছিলেন। ২০১৫ সালের মে মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও জাকির এখানে থেকে যান। বিনা বেতনে তিনি দুই বছর কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটানো ও কুমিরগুলোর পরিচর্যা করে আসছিলেন। গত বছর প্রথম আলোকে তিনি বলেছিলেন, ‘২০০২ সাল থেকে আমি রব স্যারের সহকারী হিসেবে কাজ করে এসেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিম থেকে বাচ্চা ফোটানোর চেষ্টা করেছি। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর বন বিভাগ আমাকে নিয়োগ না দিয়ে আর একটি প্রকল্পে কর্মচারী হিসেবে রাখে। গত বছরের মে মাসে সেই প্রকল্পও শেষ হয়। আমার বেতনও বন্ধ হয়। শুধু কুমিরের মায়ায় এখানে মানবেতর জীবনযাপন করছি।’
সম্প্রতি এই কেন্দ্রের ৬২টি কুমিরছানার মৃত্যুর পর থেকে জাকির নিখোঁজ রয়েছেন। কার্যত বর্তমানে কুমিরের দেখভাল করার জন্য এখন এখানে দক্ষ কোনো কর্মচারীও নেই।
বেসরকারি গবেষণা সংস্থা ক্যারিনামের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দক্ষিণ এশিয়া ও ইরান অঞ্চলের কুমির বিশেষজ্ঞ দলের (সিএসজি) সহসভাপতি শেখ মোহাম্মদ আবদুর রশীদ বলেন, ‘কুমিরের মতো স্পর্শকাতর প্রাণীর রক্ষণাবেক্ষণ ও বংশবিস্তারের জন্য অবশ্যই বিশেষজ্ঞ প্রয়োজন। বনপ্রহরী বা কর্মকর্তা দিয়ে এ কাজ সুচারুভাবে করা সম্ভব নয়। আমরা চার বছর আগে বন বিভাগকে প্রস্তাব দিয়েছিলাম কুমিরের বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল তৈরি করার জন্য। কিন্তু বন বিভাগ এ বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি। বাংলাদেশে মিঠা পানির কুমির ও ঘড়িয়ালের বিলুপ্তি ঘটেছে। এখন শুধুমাত্র লবণ-পানির কুমিরের অস্তিত্ব আছে। এর সঠিক রক্ষণাবেক্ষণ ও বংশবৃদ্ধি না ঘটাতে পারলে এই প্রজাতিরও বিলুপ্তি ঘটবে।’
করমজল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ‘আমাদের এ বিষয়ে প্রাতিষ্ঠানিক অথবা উচ্চপর্যায়ের কোনো প্রশিক্ষণ নেই। বইপত্র পড়ে অথবা ইন্টারনেট ঘেঁটে যতটুকু জানতে পারি, সেইমতো কাজ চালানোর চেষ্টা করি।’
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, ‘দুই বছর আগে এ কেন্দ্রের জন্য সহকারী কিউরেটর, ভেটেরিয়ান সার্জনসহ লোকবল বাড়াতে নতুন একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। কিন্তু তা এখনো অনুমোদিত হয়নি। তবে আমরা আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।’