কুমিরা ফায়ার সার্ভিসকে অগ্নিকাণ্ডের ভুল তথ্য দিয়ে হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডের ভুল তথ্য দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের হয়রানি করছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। গত এক সপ্তাহে দুবার ভুল তথ্য দিয়ে হয়রানি করা হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। তাঁরা বলেন, তখন অন্য কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করতেও সবার প্রতি আহ্বান জানান তাঁরা।
গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে কুমিরা ফায়ার সার্ভিসে ফোন করে জানানো হয়, বাড়বকুণ্ড এলাকায় একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি গাড়ি নিয়ে দ্রুত ওই এলাকায় গিয়ে জানতে পারেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বাড়বকুণ্ড বাজারের লোকজনের সঙ্গে কথা বলে তাঁরা বুঝতে পারেন, ফোনটি হয়রানি করতেই করা হয়েছিল।
ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, এক সপ্তাহ আগে বড় কুমিরা এলাকায় এ ধরনের আরেকটি ফোন পেয়ে ওই এলাকায়ও গিয়ে ঘটনার সত্যতা মেলেনি।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ পাশা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ক্ষয়ক্ষতি কমাতে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন তাঁদের কর্মীরা। কিন্তু ভুল তথ্য দিয়ে হয়রানি করা দুর্ভাগ্যজনক।