কুমিরাঘাটে ১৬টি দোকান ভেঙে দিল জেলা পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ফেরিঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। গতকাল সোমবার সকাল থেকে এ অভিযান শুরু করে তারা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এদিকে উচ্ছেদ করা দোকান মালিকেরা অভিযোগ করেছেন, পূর্ব নোটিশ ছাড়াই তাদের উচ্ছেদ করা হয়েছে। ব্যক্তি মালিকানা স্থাপনাও ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও জেলা পরিষদ সূত্রে জানা গেছে, কুমিরা ফেরিঘাটের আশপাশে জেলা পরিষদের ১ দশমিক ১৪ একর জায়গা মার্কেট নির্মাণ করবে জেলা পরিষদ। এ জন্য ওই স্থানে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করতে গতকাল সোমবার সকাল থেকে এ অভিযান চালায় জেলা পরিষদ।
ছোটকুমিরা পোস্টমাস্টার সালাউদ্দীন প্রথম আলোকে বলেন, কোনো প্রকার নোটিশ দেওয়া ছাড়াই তাঁর সাতটি দোকান ভেঙে দেওয়া হয়েছে। দোকানগুলো ছিল তাঁর নিজের মালিকানা জায়গাতে। জেলা প্রশাসনের লোকজনকে তিনি তাঁর কাগজপত্র দেখাতে চেয়েছেন। কিন্তু তাঁরা দেখেননি। এতে সারা জীবনের সঞ্চয় সাত লাখ টাকার সম্পদ নষ্ট হয়ে যায়।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম প্রথম আলোকে বলেন, নোটিশ দেওয়াসহ সব ধরনের প্রক্রিয়া শেষ করে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এতে ১৬টি দোকান ভেঙে ১ দশমিক ১৪ একর জায়গা দখলমুক্ত করা হয়। অবৈধ দোকানের বাইরের ইজারা নেওয়া দোকানগুলোর ইজারার মেয়াদ গত বছর শেষ হওয়ার পর জেলা পরিষদ তা আর নবায়ন করেনি।
জাহাজভাঙা ইয়ার্ড মালিক এম এ কাশেমের ভবন না ভাঙার বিষয়ে তিনি বলেন, সেটি ভাঙা নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। রায় পেলে সেটিও ভেঙে দেওয়া হবে।
জেলা পরিষদ সচিব শাব্বির ইকবাল প্রথম আলোকে বলেন, জেলা পরিষদ ওই জায়গাগুলোতে মার্কেট নির্মাণ করবে। আর এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।