কুমিল্লা অঞ্চলে অনুমোদনহীন লেভেল ক্রসিংয়ের ছড়াছড়ি
কুমিল্লার লাকসাম জংশন থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল পর্যন্ত ২৫টি অনুমোদনবিহীন লেভেল ক্রসিং রয়েছে। আর লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত রয়েছে ৪১টি অনুমোদনবিহীন লেভেল ক্রসিং। সামান্য যে কয়েকটি রেল ক্রসিংয়ের অনুমোদন রয়েছে সেগুলোতেও নেই গেটম্যান। নিরাপত্তা গেট ও গেটম্যান না থাকায় রেল ক্রসিংগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত শনিবার ব্রাহ্মণপাড়ার শশীদলে অনুমোদনহীন রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ১০ বাসযাত্রী নিহত এবং ৩০ জন আহত হন।অনুমোদনহীন লেভেল ক্রসিংয়ের অনুমোদন, রেলগেট স্থাপন ও লোক নিয়োগের ব্যাপারে অতীতের মতো রেল কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) একে অপরের ওপর দায়িত্ব চাপিয়েছে। আর অনুমোদন থাকা রেলগেটে লোক নিয়োগের প্রক্রিয়া এখনো চালিয়ে যাচ্ছে রেল কর্তৃপক্ষ। আপাতত তারা সেখানে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ করে জোড়াতালি দিয়ে কাজ চালাচ্ছে। রেল কর্তৃপক্ষ অনুমোদনহীন লেভেল ক্রসিংয়ের অনুমোদন না দিতে পারলেও বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড লাগাতে পেরেছে। যেমন: ব্রাহ্মণপাড়ার শশীদল দক্ষিণ আউট সিগন্যাল রেল ক্রসিংয়ের গা ঘেঁষে লাগানো সাইনবোর্ডে লেখা আছে, ‘সাবধান, অনুমোদনবিহীন লেভেল ক্রসিং। নিজ দায়িত্বে পার হউন’। লাকসামের একটি লেভেল ক্রসিংয়ে লেখা আছে, ‘সাবধান, এ লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। নিজ দায়িত্বে পারাপার হউন। পারাপারে দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী নহে।’ সাম্প্রতিক কিছু দুর্ঘটনার খবর: গত বছরের ৪ ডিসেম্বর কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফতেহপুর লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হন সিএনজিচালিত এক অটোরিকশাচালক। একই দিন সকালে মনোহরগঞ্জ উপজেলার বাটিয়াভিটা লেভেল ক্রসিং পার হওয়ার সময় নিহত হন গ্রামপুলিশের এক সদস্য। ওই বছরের ২৮ নভেম্বর লাকসামের দৌলতগঞ্জ রেলস্টেশনের হোম সিগন্যালের কাছে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে মারা যান আরও একজন। ২০০৯ সালে কোনো দুর্ঘটনা খবর পাওয়া না গেলেও ২০০৮ সালের ২ আগস্ট মনোহরগঞ্জের তুগুরিয়া-মুন্সিরহাট সড়কের লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন-বেবিট্যাক্সি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হন। ৪৪ কিলোমিটার পথে ৩৫টি ক্রসিং: রেলওয়ে সূত্রে জানা যায়, লাকসাম থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল পর্যন্ত ৪৪ কিলোমিটার রেললাইন রয়েছে। সেখানে ৩৫টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে ২৫টিরই অনুমোদন নেই। যে ১০টির অনুমোদন রয়েছে তার মধ্যে শুধু একটি স্থানে গেট ও গেটম্যান নেই। অনুমোদনবিহীন লেভেল ক্রসিং রয়েছে বাইনচাটিয়া, ভৈষকপালিয়া, ফয়েজগঞ্জ, পেরুল, হরিশ্চর, দুর্লবপুর, কাকসার, শ্রীরামপুর, মাতাইলপুর, আলীশ্বর, জয়নগর, বরল, সৈয়দপুর, বাগমারা, দত্তপুর, শ্রীমন্তপুর, শ্রীনিবাস, জাঙ্গালিয়া, নোয়াগাঁও, গোমতী নদীর উত্তরপাড়, রসুলপুর, গাজীপুর, রাজাপুর, হরিমঙ্গলবাজার ও শশীদল। এসব স্থানে রেললাইনের ওপর দিয়ে এলজিইডি এবং সড়ক ও জনপথের (সওজ) সড়ক গিয়েছে।৫০ কিলোমিটার পথে ৫০টি ক্রসিং: কুমিল্লার লাকসাম জংশন থেকে নোয়াখালী রেললাইনের দূরত্ব ৫০ কিলোমিটার। সেখানে ৫০টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে ৪১টিরই অনুমোদন নেই। যে নয়টির অনুমোদন রয়েছে তার মধ্যে মাত্র তিনটি স্থানে গেট ও গেটম্যান আছে। পথচারী ও যানবাহনগুলো নিজ দায়িত্বে ওই সব এলাকা দিয়ে পার হচ্ছে। অনুমোদনবিহীন লেভেল ক্রসিংগুলোর মধ্যে রয়েছে লাকসাম পৌর কার্যালয়ের ২০০ গজের উত্তরে, পৌর কার্যালয়ের দক্ষিণে, ফতেহপুরে, বাটিয়াভিটায়, কালিয়াচৌ, চন্দনা, বিষ্ণুপুর, রাজাপুর, খিলা, বাতারবাড়িয়া, সাতেশ্বর, লুদুয়া, টুগুরিয়া, হাতিমারা, নাথেরপেটুয়া, বিপুলাসার, নোয়াখালী জেলার সোনাইমুড়ি, বেগমগঞ্জ উপজেলার বজরা, চৌমুহনী, মাইজদি ও সোনাপুর এলাকায় অবস্থিত। এসব এলাকার কোথাও একাধিক অনুমোদনবিহীন রেল ক্রসিং রয়েছে। রেলগেট নির্মাণের দায়িত্ব কার: লেভেল ক্রসিংয়ে রেলগেট নির্মাণের ব্যাপারে লাকসাম রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পূর্ত) মো. হানিফ পাশা জানান, রেলপথ পার করে সড়ক নির্মাণ করার আগে নির্মাণকারী সংস্থাগুলোকে রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে কোনো বিভাগই নিয়ম মানছে না। ফলে অনুমোদনবিহীন লেভেল ক্রসিং গড়ে উঠছে। আর এ কারণে বাড়ছে দুর্ঘটনা। হানিফ পাশা জানান, রেলপথের ওপর সড়ক করার অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থাকে নিজ খরচে রেলগেট তৈরি করে দিতে হবে। পরে রেল কর্তৃপক্ষ সেখানে লোক নিয়োগ দেবে। জানতে চাইলে এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা জেলার অন্তত ১০০টি রেল পয়েন্টে এলজিইডির সড়ক রয়েছে। প্রতিনিয়ত সড়কের সংখ্যা বাড়ছে। আগে সড়ক কম ছিল। তাই লেভেল ক্রসিংও কম ছিল।’ লেভেল ক্রসিংয়ের অনুমতির ব্যাপারে এলজিইডি কর্মকর্তা জানান, ‘দীর্ঘদিন ধরে এভাবে সড়ক নির্মাণ করছি। তা ছাড়া আমাদের এ ধরনের বিধান নেই যে রাস্তা করার পরও নিজ খরচে রেলগেট করে দিতে হবে। এ নিয়ে রাষ্ট্রীয়ভাবে নীতিমালা তৈরি করতে হবে।’অন্যদিকে, সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, ‘সওজের রাস্তা যেখান দিয়ে গেছে, সেখানে অনুমোদিত লেভেল ক্রসিংয়ের সংখ্যা বেশি। এখন সেখানে যদি গেটম্যান না থাকে, তাহলে আমাদের করার কিছু নেই। এটা দেখবে রেলওয়ে কর্তৃপক্ষ।’জনবল ও আর্থিক সংকটে রেল: পূর্বাঞ্চল রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী-১ (ডিইএন) মো. আবুল কালাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘লাকসাম-নোয়াখালী রেললাইনে অনুমোদিত ছয়টি লেভেল ক্রসিংয়ে জনবল ও আর্থিক সংকটের কারণে গেট স্থাপন বা গেটম্যান নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।’ চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. মজিবর রহমান বলেন, ‘আমরা অনুমোদিত ও অনুমোদনবিহীন রেলক্রসিং নিয়ে তথ্য সংগ্রহ করছি। ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রফর্মা (ডিপিপি) তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে অনুমোদন এলে পুরোদমে লেভেল ক্রসিংগুলোকে ঢেলে সাজানো হবে।’ তিনি দাবি করেন, এলজিইডি রেললাইনের ওপর দিয়ে যে সড়ক নির্মাণ করছে, তাদেরই উচিত এ ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া।বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক টি এ চৌধুরী গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘রেললাইনের ওপর দিয়ে যেসব সংস্থার সড়ক গেছে, তাদের ব্যারিয়ার (গেট) দেওয়ার জন্য সরকারের কাছে সম্প্রতি চিঠি পাঠিয়েছি। একই সঙ্গে রেললাইনের কোথায় কোথায় অনুমোদনবিহীন লেভেল ক্রসিং আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এসব চিহ্নিত করার পাশাপাশি সাত হাজার লোকবল রেলওয়েতে নিয়োগ দেওয়া হচ্ছে।’