কুমিল্লা অঞ্চলের গণিত উৎসব শুরু

কুমিল্লা জিলা স্কুল মাঠে আজ রোববার সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক গণিত উৎসব ২০১৬। জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।
উৎসবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উদ্বোধনী পর্বে কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, জীবনের অঙ্ক মেলাতে হলে গণিত শাস্ত্র জানতে হবে। গণিত মানুষকে সমস্যার সমাধান করতে শেখায়। যে গণিতে ভালো, সে সবকিছুতেই ভালো।
উদ্বোধনী পর্বের পর প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের শিক্ষার্থীদের মূল পর্ব গণিত অলিম্পিয়াড (প্রতিযোগিতা) শুরু হয়। দিনব্যাপী আয়োজিত এ উৎসবে থাকছে প্রশ্নোত্তর পর্ব, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
কুমিল্লা অঞ্চলের এ উৎসবে কুমিল্লা ও চাঁদপুর জেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী অংশ নিয়েছে। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে।