কুমিল্লা অঞ্চলের ভাষা প্রতিযোগ শুরু

কুমিল্লা অঞ্চলের ভাষা প্রতিযোগ শুরু হয়েছে। আজ শনিবার সকাল নয়টায় কুমিল্লা নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের উদ্বোধন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করে ভাষা প্রতিযোগের উদ্বোধন করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার। একই সঙ্গে ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ আমীর আলী চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জি এম মনিরুজ্জামান, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মামুন উর রশিদ প্রমুখ।
উদ্বোধনী পর্বের পর সকাল ১০টায় শুরু হয় এক ঘণ্টার মূল পর্ব ভাষা প্রতিযোগ। এতে প্রাথমিক বিভাগে ১৫২ জন, নিম্নমাধ্যমিক বিভাগে ২৭৮, মাধ্যমিক বিভাগে ৩১৬ এবং উচ্চ মাধ্যমিক বিভাগে ২৩৪ জন শিক্ষার্থী অংশ নেয়। পরে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব ও কুইজ। বিকেলে সমাপনী অনুষ্ঠান হবে।
কুমিল্লা অঞ্চলের ভাষা প্রতিযোগ অনুষ্ঠানে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও নরসিংদী জেলার চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।
কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহিম বলেন, ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা আন্দোলনের অন্যতম রূপকার রফিকুল ইসলামের শহরে ভাষা প্রতিযোগ করায় প্রথম আলো পরিবারকে ধন্যবাদ জানাই। প্রতিবছর এ অঞ্চলে ভাষা প্রতিযোগ করার দাবি জানান তিনি।