কুমিল্লা-আখাউড়া ও আখাউড়া-সিলেট পথে চলবে ডেমু ট্রেন
কুমিল্লা-ঢাকা-আখাউড়া ও আখাউড়া-সিলেট রেলপথে চলাচল করবে ডেমু ট্রেন। কুমিল্লা-ঢাকা-আখাউড়া পথে চলাচলকারী ট্রেনটি ৩৫টি স্টেশনে ও আখাউড়া-সিলেট পথের ট্রেনটি ৩৪টি স্টেশনে যাত্রাবিরতি করবে। এই দুটি পথে চলাচলের জন্য দুটি ট্রেনের (একটি ট্রেনে দুই সেট জোড়া দেওয়া) চারটি সেট সোমবার দুপুরে আখাউড়ায় আনা হয়েছে। আখাউড়া লোকোসেড সূত্রে জানা গেছে, প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী একটি ট্রেন কুমিল্লা থেকে প্রতিদিন সকাল ছয়টায় ছাড়বে। সবগুলো স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ২৫ মিনিটে। ঢাকা থেকে দুপুর একটায় ছেড়ে ট্রেনটি আখাউড়ায় পৌঁছাবে বিকেল পাঁচটায়। রাতে ট্রেনটি আখাউড়ায় থাকবে। ভোর সাড়ে চারটায় আখাউড়া থেকে ছেড়ে কুমিল্লায় পৌঁছে সকাল ছয়টায় আবার ঢাকার পথে ছেড়ে আসবে। অপর ট্রেনটি সকাল সাতটায় সিলেট রেলস্টেশন ছেড়ে পথের সব কটি স্টেশনে যাত্রাবিরতির পর আখাউড়া পৌঁছাবে দুপুর সাড়ে ১২টায়। আখাউড়া থেকে দুপুর একটা ৪০ মিনিটে ছেড়ে সিলেট পৌঁছাবে সন্ধ্যা পৌঁনে সাতটায়। আখাউড়া লোকোসেডের দায়িত্বে থাকা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মহসীন উদ্দিন ভূঁইয়া বলেন, মোট চার সেটের দুটি ট্রেন এসেছে। চলতি মাসেই ট্রেন দুটি আখাউড়া-সিলেট ও কুমিল্লা-ঢাকা-আখাউড়া পথে চলাচল করবে।