কুমিল্লা-আড্ডা সড়কে বাস চলাচল বন্ধ এক বছর ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যাদেশ পাওয়ার ৮২ দিন পরও কুমিল্লার বরুড়া উপজেলার এ কে এম আবু তাহের সড়কের ৩২ কিলোমিটার অংশ সংস্কার ও মেরামত করা হচ্ছে না। সড়কটির বেহাল দশার কারণে এক বছর ধরে কুমিল্লা-আড্ডা সড়কে কোনো ধরনের বাস চলাচল করছে না। এ অবস্থায় বরুড়া উপজেলার উত্তর-পশ্চিম জনপদের দুই লাখ বাসিন্দাকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান প্রথম আলোকে জানান, কুমিল্লার লালমাই থেকে বরুড়া উপজেলা সদর হয়ে জগতপুর পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কের মেরামত ও কার্পেটিং কাজের জন্য চার কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এর দরপত্র আহ্বান করা হয়। একই সঙ্গে চলতি বছরের ১৮ মে কার্যাদেশ দেওয়া হয়। ওই কাজ আগামী ৬ অক্টোবরের মধ্যে শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এমআরসি ও এমসিটি কাজ শুরু করেনি।ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সহসমাজকল্যাণ সম্পাদক কবির হোসেন ভূঁইয়া বলেন, ‘কাজটি অন্য একজন ঠিকাদার পেয়েছিলেন। আমি তাঁর অসুস্থতার কারণে কাজটি করে দেব। শিগগিরই আমরা কাজ শুরু করব।’ সরেজমিন গত সোমবার ঘুরে দেখা গেছে, সড়কের চণ্ডীমুড়া, লগ্নসার, মাটিয়ারা, আমড়াতলী, লতিফপুর, দেওড়া, ঝলম, সিংগুর, বেওলাইন, আড্ডা ও ছোটতুলাগাঁও অংশে বিশাল বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের পিচ উঠে গেছে। সড়ক থেকে ইট-সুরকি উঠে গেছে। আড্ডা উমেদিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম মোস্তফা বলেন, ‘বাস চলাচল বন্ধ থাকায় ঝলম থেকে আমাদের রিকশায় ৫০ টাকা ও ইজি বাইকে ২০ টাকা দিয়ে আসতে হয়। অথচ বাস চলাচল করলে আট টাকা দিয়ে আসা যায়।’কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বলাকা বাস সার্ভিসের অন্যতম স্বত্বাধিকারী আলী মনসুর ফারুক বলেন, ‘এক বছর ধরে কুমিল্লা থেকে আড্ডা পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। ওই সময়ের মধ্যে আমরা ৫০-৭০ হাজার টাকার খোয়া এনে বড় বড় গর্ত পূরণ করে বাস চালানোর চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো কাজ হয়নি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কুমিল্লা জেলা শাখার সভাপতি ও কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, ‘ইতিমধ্যে সড়কটি মেরামতের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। কেন কাজ হচ্ছে না বিষয়টি আমি খতিয়ে দেখব।’ সাড়ে চার বছরেই সড়কের এ দশা: ২০০৬ সালের ডিসেম্বর মাসে বরুড়া উপজেলার ৩২ কিলোমিটার সড়কের সংস্কারকাজ হয়। তখন আট কোটি টাকা ব্যয়ে কুমিল্লা শহরের ঠিকাদারি প্রতিষ্ঠান রানা ইন্টারন্যাশনাল কাজটি করে। কাজের মান খারাপ হওয়ায় গত সাড়ে চার বছরেই এ সড়কের কার্পেটিং উঠে যায়, সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এখন আবার একই সড়কে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় করা হচ্ছে।