কুমিল্লা ইপিজেডে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার নির্মাণ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণ হচ্ছে। আগামী বছরের ১৩ জুন এর নির্মাণকাজ শেষ হবে।পরিশোধনাগারটির নির্মাণকাজ শেষ হলে প্রতিদিন প্রায় ১৫ হাজার ঘনমিটার বর্জ্য রাখা যাবে। কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, কুমিল্লা ইপিজেডে দেশি-বিদেশি ৩২টি কারখানা রয়েছে। এসব কারখানার বর্জ্য অপসারণের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেই। ইপিজেড থেকে নির্গত বর্জ্য পরিবেশের দূষণ করছে। একই সঙ্গে ইপিজেডের পার্শ্ববর্তী এলাকার কৃষিজমি, খাল-বিল ও পুকুরের পানি দূষণ করছে। এতে করে ফসলি জমি উর্বরতা হারাচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। দেশি মাছের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। তবে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ দাবি করছেন, তাঁদের শিল্পপ্রতিষ্ঠানে তরল বর্জ্য নিষ্কাশনের জন্য ব্যবস্থা রয়েছে।ইপিজেডের মহাব্যবস্থাপক মো. আবদুস সোবহান বলেন, ‘কুমিল্লা ইপিজেডের কারখানাগুলো যথাযথভাবে বর্জ্য পরিশোধন করছে কি না তা পর্যবেক্ষণের জন্য মনিটরিং কমিটি রয়েছে। ওই কমিটি প্রতিদিনই কাজ করে যাচ্ছে। তা ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে কুমিল্লা ইপিজেডের কারখানার পরিবেশ সংরক্ষণের জন্য একজন পরিবেশ কাউন্সিলর কাজ করছেন। সিইটিপি নির্মিত হলে আর কোনো অভিযোগই থাকবে না।’২০০০ সালের ১৫ জুলাই কুমিল্লা ইপিজেড প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার এক যুগেও সেখানে কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগার নির্মিত হয়নি। এ নিয়ে কুমিল্লার পরিবেশবাদী নেতারা ক্ষোভ প্রকাশ করেন।