কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা দক্ষিণে!
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা জেলার উত্তরাংশের কোনো স্থানে না হয়ে কুমিল্লা জেলার দক্ষিণে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কুমিল্লা শহরের শিল্পকলা একাডেমীতে এ সভা হয়।সভায় সাংসদ ও দলের নেতা-কর্মীরা এ নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি দলীয় সদস্য সংগ্রহে ধীরগতি, ছাত্রলীগ ও যুবলীগে অস্থিরতা, নবম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় অন্তঃকোন্দল—এসব ক্ষোভ আর নানা প্রশ্নের মধ্য দিয়ে সভা হয়। সভাকে কেন্দ্র করে দিনভর শিল্পকলা একাডেমী ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে সরব।কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু হানিফ সরকারের সভাপতিত্বে সভায় সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, দলের আইনবিষয়ক সম্পাদক সাংসদ আবদুল মতিন খসরু, হুইপ মো. মুজিবুল হক, সাংসদ এ বি এম গোলাম মোস্তফা, আলী আশ্রাফ, মো. সুবিদ আলী ভূঁইয়া ও আ ক ম বাহাউদ্দিন, নারী সাংসদ জোবেদা খাতুন, সাবেক অর্থসম্পাদক ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ বক্তব্য দেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।সভায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, ‘অবিলম্বে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন করতে হবে। সম্মেলন না হওয়ার কারণে দলের মধ্যে বিভিন্ন ধরনের বাধা আসছে।’ কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাংসদ এ বি এম গোলাম মোস্তফা বলেন, ‘সদস্য সংগ্রহে উদ্যোগ নেই। অবিলম্বে জেলা কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে।’অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘আমার এবং অনুষ্ঠানের প্রধান অতিথি মহীউদ্দীন খান আলমগীরের কারণে কুমিল্লা শহরে বর্ধিত সভা হয়েছে। যেহেতু অনুষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সাংসদেরা থাকবেন, তাই শহরে বর্ধিত সভা ডাকা হয়। ভবিষ্যতে উত্তরেই সেটা হবে।’