কুমিল্লা জেলা রেজিস্ট্রারকে প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল বুধবার দুপুরে এক ঘণ্টা সড়ক অবরোধ করে দলিল লেখক সমিতি। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন দলিল লেখকেরা। রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তাঁকে প্রত্যাহারের দাবিতে গতকাল দুপুর ১২টায় কুমিল্লা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। দলিল লেখক সমিতির নেতারা জানান, রেজিস্ট্রার মো. লুৎফুর রহমান কুমিল্লায় যোগ দেওয়ার পর থেকে বিনা ছুটিতে প্রায়ই ঢাকা ও চাঁদপুরে অবস্থান করেন। এ সময় বৃহত্তর কুমিল্লার প্রধান রেকর্ড কক্ষ তালাবদ্ধ থাকে। এতে ভূমি মালিকেরা দলিল নিতে এসে হয়রানির শিকার হন। জেলা রেজিস্ট্রার পুরাতন বিভিন্ন দলিল থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন। যাঁরা দলিলের নকল নিতে আসেন, তাঁদের কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত আরও ২০০-৩০০ টাকা নেওয়া হচ্ছে। রেজিস্ট্রার ঘুষ নিয়ে অশিক্ষিত ও অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখকের অনুমতিপত্র দিচ্ছেন।
জেলা দলিল লেখক সমিতির সভাপতি সাদেকুর রহমান বলেন, ‘আমরা রেজিস্ট্রারের বদলি ও তাঁর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।’
রেজিস্ট্রার মো. লুৎফুর রহমান বলেন, ‘সাদেকুর রহমানের কাছে কুমিল্লা রেজিস্ট্রি অফিস জিম্মি হয়ে পড়েছে। তাঁর অনৈতিক দাবি না মানায় আমার বিরুদ্ধে অভিযোগ এনে আন্দোলন করা হচ্ছে। মন্ত্রী ও সাংসদের সুপারিশের পরিপ্রেক্ষিতে দলিল লেখকদের লাইসেন্স দিয়েছি। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ অসত্য।’
এদিকে কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ঘুষ গ্রহণের অভিযোগে দলিল লেখকেরা গতকাল সাব-রেজিস্ট্রারের কার্যালয় ঘেরাও করে রাখেন। এ সময় সমাবেশ করা হয়। ফলে গতকালও সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কাজ করতে পারেননি। মঙ্গলবার থেকে ওই কার্যালয়ে তালাবদ্ধ করে আন্দোলন করছেন দলিল লেখকেরা। এতে সব ধরনের ভূমির নিবন্ধনকাজ বন্ধ রয়েছে।
সমাবেশে বক্তব্য দেন মো. মজিবুর রহমান, দলিল লেখক সমিতির সম্পাদক ফয়েজ উদ্দিন, পৌর কাউন্সিলর দীপক সাহা প্রমুখ। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবি করেন, অন্যথায় লাগাতার কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ গুল নিঝুম জানান, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে অভিযোগের তদন্ত চলছে।