কুমিল্লা ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জে গতকাল মঙ্গলবার বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বাসের চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হন।

মনোহরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের আবদুল ছাত্তারের স্ত্রী নূরজাহান বেগম (৫৫), তোফায়েল আহমেদের স্ত্রী আলেয়া বেগম (৪০) ও সিএনজিচালিত অটোরিকশাচালক একই উপজেলার কাবিলপুর গ্রামের আবুল কালাম (৪০)। সরিষাবাড়ীতে নিহত হয়েছেন ওই উপজেলার কুটুরিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে গোলাম মোস্তফা (৩২)।

মনোহরগঞ্জ থানার পুলিশ জানায়, গতকাল সকাল আটটায় সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের তোফায়েল আহমেদকে ডাক্তার দেখানোর জন্য সিএনজিচালিত অটোরিকশায় পরিবারের অপর সদস্যদের নিয়ে লাকসামের উদ্দেশে রওনা হন আলেয়া বেগম। সকাল সাড়ে আটটার দিকে অটোরিকশাটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার হাতীমারা এলাকায় পৌঁছে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের চাপায় অটোরিকশাচালক আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান ও চার যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক নূরজাহান ও আলেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত তোফায়েল আহমেদ ও তাঁর ছেলে আবুল কালামের অবস্থাও আশঙ্কাজনক। খবর পেয়ে মহাসড়ক (হাইওয়ে) লাকসাম ক্রসিং ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে পাঠায়।

সরিষাবাড়ী থানার পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলচালক গোলাম মোস্তফাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাঁকে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বাসটিকে জনতা আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।