কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর ও ময়মনসিংহের ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের দ্বিতীয় দিনে গতকাল রোববার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কুমিল্লার দৌলতপুরের নজরুল মঞ্চে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুজ্জামান খানের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া। পরে স্থানীয় সংগঠন ও কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির সদস্যরা সংগীত পরিবেশন করে। গত শনিবার থেকে কুমিল্লায় তিন দিনব্যাপী নজরুল জন্মবার্ষিকীর এ অনুষ্ঠান শুরু হয়। ত্রিশালের দরিরামপুরের নজরুল মঞ্চে দুপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আলোচনায় অংশ নেন বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী, সাংসদ রেজা আলী, ত্রিশাল উপজেলার চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া প্রমুখ। নজরুল স্মারক বক্তব্য উপস্থাপন করেন নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক শান্তনু কায়সার। স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী।