কুমিল্লা ও নরসিংদীতে এসএসসি পরীক্ষার্থীদের ভাঙচুর, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ও নরসিংদীতে গতকাল দুটি পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করেছে এসএসসি পরীক্ষার্থীরা। উভয় ঘটনায় শিক্ষার্থী, অভিভাবকসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে।পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পরে খাতা দেওয়া হয়। আবার নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই খাতা নিয়ে নেওয়া হয় এবং পরীক্ষার হলে শিক্ষকেরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়।শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পদার্থবিজ্ঞান, ব্যবসায় পরিচিতি ও ইতিহাস পরীক্ষা শেষে গতকাল দুপুর সোয়া একটার দিকে হঠাৎ করেই কিছু পরীক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের দরজা, জানালা ও বেঞ্চ ভাঙচুর করে। এ সময় আতঙ্কিত শিক্ষকেরা শিক্ষক মিলনায়তনে জড়ো হলে সেখানেও হামলা-ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পরীক্ষার্থীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরীক্ষার্থীরা পুলিশের একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ ঘটনায় পরীক্ষার্থী, অভিভাবকসহ কমপক্ষে ১০ জন আহত হয়।পরীক্ষাকেন্দ্রের সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম মিত্র জানান, অবৈধ সুবিধা না দেওয়ায় পরীক্ষার্থীরা ভাঙচুর করেছে। নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রডিক্স জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী আহসানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। এ ছাড়া শিক্ষকেরা তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে পরীক্ষা কার্যক্রমে সহযোগিতা করবেন না বলে জানিয়েছেন। এ অবস্থায় আলোচনা করতে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা আহ্বান করা হয়েছে।এদিকে কুমিল্লা হাইস্কুলের প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার সহকারী কেন্দ্রসচিব মো. আবদুল কাদের জানান, গতকাল দুই ঘণ্টার রচনামূলক পরীক্ষার পর নৈর্ব্যক্তিক পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞানের পরীক্ষার্থীদের ৩৫ মিনিট এবং ব্যবসায় পরিচিতির পরীক্ষার্থীদের ৪৫ মিনিট বরাদ্দ ছিল। প্রশ্নপত্র জটিল এবং সময় কম দেওয়ার অভিযোগ তুলে পদার্থবিজ্ঞানের পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে বিদ্যালয়ের শতাধিক ফুলের টব ভাঙচুর করে।