কুমিল্লা ও ফরিদপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ১৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জয়ী হয়েছে। গতকাল শুক্রবার সকাল ছয়টায় প্রধান নির্বাচন কমিশনার সেলিম হোসেন ফল ঘোষণা করেন।এদিকে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে শহীদুল্লাহ জাহাঙ্গীর সভাপতি ও আওলাদ হোসেন মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।কুমিল্লার নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের বিজয়ীদের মধ্যে সভাপতি কাজী নাজমুস সাদাত, সহসভাপতি মো. আবদুল মালেক ভূঁইয়া ও সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. তারেক আবদুল্লাহ, সহসাধারণ সম্পাদক মো. মমিনুল হক ভূঁইয়া, কোষাধ্যক্ষ মো. সুলতান আহমেদ রয়েছেন।ফরিদপুর শহরের কোর্টপাড়া এলাকায় জেলা আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ করা হয়। এতে মাসুদুর রহমান ও আবদুস সামাদ মিয়া সহসভাপতি, জালালউদ্দীন মিয়া সহসাধারণ সম্পাদক (অর্থ), দেলোয়ার হোসেন সহসাধারণ সম্পাদক (বই), মোস্তফা জামান সহসাধারণ সম্পাদক (সংস্কৃতি ও আপ্যায়ন) ও মো. জয়নুল আবেদীন মিয়া নিরীক্ষক পদে নির্বাচিত হন। এ ছাড়া গোলাম রব্বানী ভূঁইয়া, এ এইচ এম শায়েদীদ গামাল, আতিয়ার রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ সদস্য পদে জয়ী হন।