সড়ক দুর্ঘটনায় নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ সকালে সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ছবি: এম সাদেক, কুমিল্লা
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ সকালে সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ছবি: এম সাদেক, কুমিল্লা

কুমিল্লা ও ফেনীতে আজ রোববার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন।

কুমিল্লা: চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।
উপজেলার সিদুলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে আজ ভোর পাঁচটার দিকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বাঁশবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। 

নিহত সাতজনের মধ্যে প্রাথমিকভাবে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা গাজীপুরের জামালউদ্দিন (৪২), ট্রাকচালক জানে আলম (৪২) ও বাসচালক মো. ফারুক (৩৪)। উপজেলার মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাহাবুদ্দিন বলেন, যাত্রীবাহী বাসটি ময়মনসিংহ থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাঁশবাহী ট্রাকটি বিপরীত দিক থেকে আসছিল। বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বাস ও ট্রাকের দুই চালকও রয়েছেন। বাস ও ট্রাক আটক করা হয়েছে।

একই উপজেলার লালবাগ এলাকায় আজ ভোর সোয়া চারটার দিকে যাত্রীবাহী দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারী নিহত হন। আহত হয়েছে অন্তত ১৫ জন। হতাহত হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাহাবুদ্দিন বলেন, নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী জান্নাত পরিবহনের সঙ্গে বিপরীত দিক ঢাকাগামী বোরাক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাস দুটি আটক করা হয়েছে।

ফেনী: সদর উপজেলার বাইপাস অংশের কসকা নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ ভোর পৌনে ছয়টার দিকে যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খায়। ঘটনাস্থলে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।
নিহত তিন​জনের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মো. মামুন (১৭) ও জোসনা বেগম (৩৬)।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে।
লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে ফেনী সদর হাসপাতালে ও অপরজনকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ফেনীর মহীপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ পাঠান বলেন, ডেলটা লাইন পরিবহনের বাসটি টাঙ্গাইল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পুলিশ বাসটি উদ্ধার করেছে। বাসের চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।