কুমিল্লা ও বরিশালে ঢাকার টিকিট পেলেন চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসির চেঞ্জ দ্য গেম রোড শো এখন কুমিল্লায়। গতকাল সোমবার সকাল ও বিকেলে কুমিল্লার দুটি খেলায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন ৭৫ জন। এর মধ্যে তিনজন পেয়েছেন ঢাকায় যাওয়ার টিকিট। এদিকে গতকাল দ্বিতীয় দিনের মতো বরিশালে রোড শো অনুষ্ঠিত হয়েছে। এতে একজন পেয়েছেন ঢাকায় যাওয়ার টিকিট। প্রথম দিনে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা কমার্স কলেজে আনুষ্ঠানিকভাবে রোড শোর উদ্বোধন করেন অধ্যক্ষ হুমায়ূন কবির। এরপর শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা। প্রথম পর্বের খেলায় ৫০০ জন অংশ নিয়ে বিজয়ী হয়েছেন ৪০ জন। এ পর্বে মাসুদ রানা প্রথম, ছানাউল করিম দ্বিতীয় এবং রাব্বী, ফয়সাল ও শারমিন লাকি তৃতীয় স্থান লাভ করেন। দ্বিতীয় পর্বে আনোয়ার হোসেন প্রথম, আবদুস সামাদ দ্বিতীয় এবং আমিনুল ইসলাম, জয় ও জামিল তৃতীয় স্থান লাভ করেন। এর মধ্যে সর্বোচ্চ রান করে ঢাকায় যাওয়ার টিকিট পান মাসুদ রানা ও আবদুস সামাদ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ হুমায়ূন কবির ও ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের টেরিটরি ডেভেলপমেন্ট ম্যানেজার এস এম মাহবুব হাসান। বেলা তিনটার দিকে শহরের কান্দিরপাড়ের টাউন হল মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথম পর্বে জুবায়ের প্রথম, এমদাদ দ্বিতীয় এবং আমিনুল ইসলাম তৃতীয় স্থান লাভ করেন। দ্বিতীয় পর্বে বেলাল প্রথম, শাহাদাৎ দ্বিতীয় এবং জনি ও শোভন তৃতীয় স্থান লাভ করেন। এ পর্বে মোট ৬০০ জন অংশ নেন। পুরস্কার দেওয়া হয় ৩৫ জনকে। এর মধ্যে সর্বোচ্চ রান করে ঢাকায় যাওয়ার টিকিট পেয়েছেন জাহিদুল হাসান। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ মজুমদার। এ সময় ট্রান্সকমের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় আয়োজনে বিজয়ীদের ব্যাগ, টি-শার্ট, ব্যাট, সাকিব আল হাসান ও তামিম ইকবালের আকর্ষণীয় ছবিসংবলিত পোস্টার দেওয়া হয়। গেম শো পরিচালনা করেন শুভাশীষ শুভ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাজী রাশেদ, কুমিল্লা বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন লিটন, সাধারণ সম্পাদক নূরুল হক ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুরের ডিগ্রি শাখায় এবং বেলা তিনটার দিকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গেম শো অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল সকাল নয়টার দিকে বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাট চালিয়ে রোড শোর উদ্বোধন করেন অধ্যক্ষ তপংকর চক্রবর্তী। খেলায় ৪০ জন অংশ নেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ রান করে ঢাকায় যাওয়ার টিকিট পেয়েছেন স্বপন কুমার দে। পুরস্কার বিতরণ করেন অনীশ কুমার মণ্ডল ও অশোক কুমার মিস্ত্রী।বিকেলে রূপাতলী হাউজিং মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন কাউন্সিলর সুলতান মাহমুদ। খেলায় মো. মুইন প্রথম, রাকিব হাসান দ্বিতীয় ও নাঈম হোসেন তৃতীয় স্থান লাভ করেন। পুরস্কার বিতরণ করেন কাউন্সিলর সুলতান মাহমুদ। পুরস্কার পান ৪০ জন। গেম শো পরিচালনা করেন সৌরভ খান।