কুমিল্লা ও ময়মনসিংহ কারাগার থেকে ৭০ বন্দীর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ২৮ জন এবং ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ৪২ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীকে গতকাল বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়েছে। কারাবাসকালে সদাচরণের জন্য বিশেষ বিবেচনায় সরকার তাঁদের মুক্তি দেয়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার নাসির আহমেদ জানান, এ কারাগার থেকে ২৮ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। তাঁরা প্রত্যেকে হত্যা মামলার আসামি এবং প্রত্যেকের সাজার মেয়াদ ২০ বছর পূর্ণ হয়েছে। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, এখান থেকে মুক্তি পাওয়া ৪২ জন কয়েদির মধ্যে পুরুষ ৩৮ ও নারী চারজন। বাংলাদেশ কারাবিধির ৫৬৯ ধারায় কেন্দ্রীয় কারা মহাপরিদর্শকের নিদের্শে গত বছরের শেষ দিকে সদাচরণকারী বন্দীদের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তাতে ৪৭ জনের নাম থাকলেও গত বুধবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ৪২ জনকে মুক্তি দেওয়ার নির্দেশ আসে। পরদিন গতকাল দুপুরেই তাঁদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্ত প্রত্যেকেই কমপক্ষে ১৫ বছর কারাবাস করেছেন। এ কারাগারের জ্যেষ্ঠ কারা পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে একই বিবেচনায় মুক্তিপ্রাপ্তদের মধ্যে ময়মনসিংহ থেকেই সবচেয়ে বেশিসংখ্যক কয়েদি মুক্তি পেয়েছেন। কারাগার সূত্র জানায়, এই কয়েদিদের মুক্তিলাভের খবরে গতকাল দুপুরে কারাগার দুটির সামনে তাঁদের স্বজনেরা ভিড় করেন। সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় মুক্তিপ্রাপ্তরা কারাবাসের দীর্ঘ জীবনে যে কর্মমুখী প্রশিক্ষণ পেয়েছেন, তা কাজে লাগিয়ে বাকি জীবন কাটানোর প্রত্যয় ব্যক্ত করেন।