কুমিল্লা ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের দুটি স্থানে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গত সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হন।
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার মদনপুর গ্রামের শরিফুল ইসলাম (২০), চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের আরিফুল ইসলাম (২৮) এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বন্দরকুলিয়া গ্রামের সবুজ (২৫)। শ্রীমঙ্গল উপজেলায় নিহত ব্যক্তির নাম কানু দেবনাথ (৫০)। তাঁর বাড়ি ওই উপজেলার গন্ধর্বপুর গ্রামে।
চৌদ্দগ্রাম থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও এক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আটোরিকশাচালক শরিফুল, যাত্রী অজ্ঞাতনামা এক নারী (৩৫) ও পথচারী আরিফুল নিহত হন। গতকাল ভোর সাড়ে ছয়টায় চৌদ্দগ্রাম সরকারি কলেজের সড়কের মোড়ে একটি কাভার্ডভ্যান পেছন থেকে একটি পিকআপভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপভ্যানের চালক সবুজ নিহত হন।
শ্রীমঙ্গল থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার শ্রীমঙ্গল-মীর্জাপুর সড়কের ভুনবীর এলাকায় একটি ট্রাক রাস্তার ভুল পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি অটোরিকশা ওই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাযাত্রী কানু দেবনাথ ঘটনাস্থলেই মারা যান।