কুমিল্লা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার বুড়িচং ও মুরাদনগর উপজেলায় তিনটি পৃথক দুর্ঘটনায় তারা নিহত হয়। এদিকে ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় মারা গেছেন আরেক ব্যক্তি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সোয়া নয়টায় বুড়িচং উত্তরপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাচাপায় মাঈশা আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়। মাঈশা বুড়িচং সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মাসুম মিয়ার মেয়ে।
বেলা দুইটায় একই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোরপাই পোস্ট অফিসের সামনে একটি মোটরসাইকেলকে একটি লরি চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। তাঁরা হলেন উপজেলার কোরপাই খন্দকারবাড়ির জালাল উদ্দিন (৩০) ও জাবেদ হোসেন (২০)।
মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়কের রামধনীমুড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মাহবুব আলম (৯) নামের এক শিশু নিহত হয়। সে রামধনীমুড়া গ্রামের কাঠমিস্ত্রি আলাউদ্দিনের ছেলে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, গতকাল সকাল নয়টার দিকে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় মাহবুব। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়।