কুমিল্লা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি ও চৌদ্দগ্রাম এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন বেশ কয়েকজন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:দাউদকান্দি: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির দৌলতপুরে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে একটি বিকল ট্রাককে চট্টগ্রাম অভিমুখী একটি লোকাল বাস পেছন থেকে ধাক্কা দেয়। একই সময় বাসটিকে অপর একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে লোকাল বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন কমপক্ষে ২০ জন। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। আহত যাত্রীদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ইলিয়টগঞ্জ মহাসড়ক পুলিশ লাশ উদ্ধার করেছে। ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল ভোরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সরিষা এলাকায় ওই নারী গাড়ির চাকায় পিষ্ট হন। তিনি স্থানীয় বাজারে ঘোরাফেরা করতেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় না পাওয়ায় তাঁর মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।চৌদ্দগ্রাম: উপজেলার ধোপাখিলায় গতকাল বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসমাইল হোসেন ও তাঁর সহকারী আমির হোসেন গুরুতর আহত হন।