কুমিল্লা ও রংপুর সিটি করপোরেশনে নগর সরকার চালুর উদ্যোগ
নবগঠিত কুমিল্লা ও প্রস্তাবিত রংপুর সিটি করপোরেশনে নগর সরকারব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় অর্থ সংস্থানে দাতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র বলেছে, নগর সরকারব্যবস্থা চালু হলে এই দুই নগরে পানিসহ বিভিন্ন সেবা খাত সিটি করপোরেশনের মাধ্যমে পরিচালিত হবে।মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বলেন, সিটি করপোরেশনে নগর সরকারব্যবস্থা চালুর জন্য বিভিন্ন সময় দাবি উঠেছে। ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফ, সদ্য বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা এবং চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ স্থানীয় সরকার বিশেষজ্ঞরা এমন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন। সিটি করপোরেশন এলাকায় ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সেবা খাতের কাজের ক্ষেত্রে সমন্বয়হীনতার কারণে এমন দাবি ওঠে। এই সমন্বয়হীনতা বিবেচনা করে পরীক্ষামূলকভাবে কুমিল্লা ও প্রস্তাবিত রংপুর সিটি করপোরেশনে এ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এ ব্যবস্থা চালু হলে বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য স্বাভাবিক কাজের পাশাপাশি বিভিন্ন সেবা খাতও এই দুই সিটি করপোরেশনের মাধ্যমে পরিচালিত হবে। এতে সেবা খাতের কাজে সমন্বয়হীনতা দূর হবে এবং নাগরিকেরা সহজে ও দ্রুত সেবা পাবে।কর্মকর্তারা বলেন, এই দুই সিটি করপোরেশনে এ ব্যবস্থা চালু করতে কয়েক শ কোটি টাকা লাগবে। এই অর্থ সংস্থানের জন্য বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি ধারণা পেতে বিশ্বের যেসব নগরে নগর সরকারব্যবস্থা চালু আছে, সেগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে কুমিল্লা ও প্রস্তাবিত রংপুর সিটি করপোরেশনে নগর সরকারব্যবস্থা চালু করার চিন্তা করছি। এই দুই নগরে এ ব্যবস্থা সফল হলে পরে অন্যান্য সিটি করপোরেশনেও এ ব্যবস্থা চালু করা হবে। এ ব্যবস্থায় সিটি করপোরেশনের মাধ্যমেই নগরের সেবা কার্যক্রমগুলো পরিচালিত হবে।’স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা এ ব্যবস্থা চালুর কথা বিভিন্ন সময় বলেছি। নতুন হওয়ায় কুমিল্লা ও রংপুরে এ ব্যবস্থা চালুর উদ্যোগ ভালো সিদ্ধান্ত। পরীক্ষামূলকভাবে দেখা যেতে পারে নগর সরকারের রূপ কেমন ও এটি কীভাবে চলে।’ তিনি বলেন, ‘হঠাৎ করে পুরোনো সিটি করপোরেশনগুলোতে এ ব্যবস্থা চালু না করাই ভালো।’আগামী ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর রংপুর সিটি করপোরেশন ঘোষণার প্রস্তুতি শেষ হয়েছে।রংপুর সিটি করপোরেশন ঘোষণার প্রস্তুতি শেষ: স্থানীয় সরকার বিভাগের সূত্র জানায়, রংপুরকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণার সব প্রস্তুতি শেষ হয়েছে। রংপুর সিটি করপোরেশন ঘোষণার জন্য সারসংক্ষেপ ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার সচিব।মন্ত্রণালয় সূত্র জানায়, রংপুর সিটি করপোরেশনের প্রস্তাবিত আয়তন ধরা হয়েছে ২০৩ বর্গকিলোমিটার। রংপুর পৌরসভা ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে এই সিটি করপোরেশন গঠিত হবে।