রেলের ভাড়া দ্বিগুণেরও বেশি বৃদ্ধি
কুমিল্লা ও লাকসাম স্টেশনে টিকিট সংগ্রহে গিয়ে যাত্রীরা হতাশ
কুমিল্লা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের সর্বনিম্ন ভাড়া ছিল ৮০ টাকা। সেই ভাড়া এক লাফে বেড়েছে ৮০ টাকা। গতকাল সোমবার থেকে কুমিল্লাবাসীকে ১৬০ টাকা দিয়ে চট্টগ্রাম যেতে হচ্ছে।অন্যদিকে লাকসাম জংশন থেকে ঢাকাগামী নিশীথা ট্রেনের ভাড়া ১০৫ থেকে বাড়িয়ে ২১০ টাকা করা হয়েছে। একই জংশন থেকে চট্টগ্রামগামী মেঘনা ট্রেনের ভাড়া দ্বিগুণেরও বেশি বেড়েছে। ওই ট্রেনের ভাড়া ৫৫ থেকে হয়েছে ১১৫ টাকা। দ্বিগুণ এবং ক্ষেত্রবিশেষে দ্বিগুণেরও বেশি ভাড়া বৃদ্ধি করায় উভয় রেলস্টেশনের যাত্রীরা ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছে। গতকাল সোমবার রেলস্টেশন ঘুরে এ তথ্য জানা গেছে।যাত্রীদের অভিযোগ, সরকার গতকাল সোমবার থেকে সব রুটে ট্রেনের ভাড়া ৫০ শতাংশ বাড়ানোর আগাম ঘোষণা দিয়েছিল। বাস্তবে ওই ভাড়া দ্বিগুণ করা হয়েছে। কোথাও বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি। সেবার মান না বাড়িয়ে এক লাফে দ্বিগুণ ভাড়া বাড়ানো অযৌক্তিক বলে মনে করছে যাত্রীরা। এতে করে দরিদ্র মানুষ ট্রেনে করে আর যাতায়াত করতে পারবে না। রেলওয়ে সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনের ভাড়া ৬০ থেকে ১৩৫ টাকা হয়েছে। ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনের ভাড়া ৯৫ থেকে ১৯০ টাকা এবং প্রভাতী ট্রেনের ভাড়া ৮৫ থেকে ১৬০ টাকা করা হয়েছে। নগরের পশ্চিম বাগিচাগাঁও এলাকার বাসিন্দা ফেরদৌস জাহান বলেন, ‘আগে কুমিল্লা থেকে চট্টগ্রামে ৮০ টাকায় যাওয়া যেত। এখন দ্বিগুণ করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ সেবার মান বাড়িয়ে ভাড়া বাড়ালে যাত্রীরা মেনে নিত।’ রেসকোর্সের বাসিন্দা শাহজালাল ভূঁইয়া বলেন, কুমিল্লা থেকে ঢাকায় বাসভাড়া ১৬০ টাকা। এখন ট্রেনের ভাড়া দাঁড়িয়েছে ১৯০ টাকা। রেলওয়ের একাধিক কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্যরা যেসব ট্রেনে কম খরচে যাতায়াত করত, সেসব ট্রেনেরই ভাড়া দ্বিগুণের বেশি করা হয়েছে। এতে ট্রেন আর আমজনতার পরিবহন হিসেবে থাকল না। লাকসাম রেলস্টেশনের স্টেশনমাস্টার পিটু রঞ্জন ভূঁইয়া বলেন, ট্রেনের ভাড়া বাড়ানোয় যাত্রীসংখ্যা তেমন কমেনি। তবে ট্রেন ভাড়া দ্বিগুণ করা নিয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছে। জানতে চাইলে কুমিল্লা রেলস্টেশনের মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার বলেন, সরকার দূরত্বের বিষয় বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকার ট্রেনের ভাড়া বাড়িয়েছে। এ প্রসঙ্গে রেলমন্ত্রী মো. মুজিবুল হক গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাস্তবতার নিরিখেই ভাড়া বাড়ানো হয়েছে। এখনো ট্রেনের ভাড়া অন্যান্য পরিবহন থেকে কম।’ তবে ভাড়া দ্বিগুণ বাড়ানো নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।