কুমিল্লা ও শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণে ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ দুটি দুর্ঘটনায় আহত হন ১০ জন। মহাসড়ক পুলিশ ও স্থানীয় অনেকে জানান, চট্টগ্রাম থেকে আর কে লজিস্টিকের কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ঢাকা যাচ্ছিল। গতকাল দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় পদুয়ার বাজার থেকে মিয়ারবাজারগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাযাত্রী সুমী আক্তার (২২) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ফরহাদ হোসেন (২৫) ও কামাল হোসেনকে (৪৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন আরিফ হোসেন (২০) ও মিজানুর রহমান (৩৫) ওই হাসপাতালে চিকিৎসাধীন। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শ্রীমঙ্গলে গতকাল দুপুরে যাত্রীবাহী জিপ উল্টে উপজেলার হরিণছড়া চা-বাগান এলাকার অর্জুন বুনারজি (৩২) ও কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের ফরিদ মিয়া (৬৫) নিহত হন। পুলিশ জানায়, উপজেলার নিরালা এলাকা থেকে একটি যাত্রীবাহী জিপ পৌর সদরে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল-কালীঘাট চা-বাগান সড়কের জালালাবাদ গ্যাস কার্যালয়ের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে জিপের চালকের সহকারী অর্জুন ও যাত্রী ফরিদ মারা যান। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন পাংখাট তংপেয়ার (৩০), কার্লসেন খীসা (২৮), প্রিটোরিয়া খীসা (২১), এলবার্ট খাসিয়া (২০), মো. সাজ্জাদ হোসেন (২৪), চম্পা আক্তার (২১), লালন মিয়া (২৩) ও আব্বাস উদ্দিন (২৭)। তাঁদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।