কুমিল্লা ও সরাইলে শিবির নেতাসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির নেতা, প্রবাসীসহ চারজন নিহত হয়েছেন। বুড়িচং ও আদর্শ সদর উপজেলার তিনটি স্থানে গত দুদিনে এসব দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে গত শুক্রবার একজন নিহত হন।

কুমিল্লায় নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি চিকিত্সক মোজাম্মেল হক, নোয়াখালীর সৌদি আরব-প্রবাসী ইসমাইল হোসেন (৪০), চট্টগ্রামের চন্দনাইশের রাইজপাড়া গ্রামের মাইনুদ্দিন (২৪) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি।

মহাসড়ক (হাইওয়ে) পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আটটার দিকে ছাত্রশিবিরের নেতা মোজাম্মেল হক মোটরসাইকেলে ঢাকা-চট্টগ্রাম সড়কের ময়নামতি-নাজিরাবাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি গত বছর কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি নাঙ্গলকোট উপজেলার তুলাগাঁও গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

গতকাল শনিবার ভোরে মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসটির দুই যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম ইসমাইল হোসেন। তিনি নোয়াখালীর বাসিন্দা ও সৌদি আরব-প্রবাসী, অপরজনের পরিচয় জানা যায়নি। গতকাল সকালে মহাসড়কের আদর্শ সদর উপজেলার ঝাগুরজুলি এলাকায় একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকামুখী আরেকটি মিনি ট্রাক। এতে মিনি ট্রাকের চালকের সহকারী চন্দনাইশের মাইনুদ্দিন নিহত হন।

ময়নামতি মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বলেন, নিহত ব্যক্তিদের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 সরাইল থানার পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ে গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে পণ্যবাহী একটি ট্রাক ও যাত্রীবাহী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে পিকআপভ্যানের যাত্রী আলীম হোসেন (৩০) ও চালক কবীর হোসেন (২৬) গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাত আটটার দিকে আলীম সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সুশন গ্রামে।