কুমিল্লা কারাগারে এক ব্যক্তির ফাঁসি
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মো. বশির মিয়া (৪২) নামের এক ব্যক্তির ফাঁসি হয়েছে। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামে। গত বুধবার রাত ১২টা ৩০ মিনিটে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।চট্টগ্রাম ও সিলেট বিভাগের ডিআইজি প্রিজন মো. ফজলুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।কারাগার সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১৪ অক্টোবর মাদারীপুর জেলার সদর উপজেলার পশ্চিম সিরাচর গ্রামের আবদুল খালেকের ছেলে মো. সোহেলকে আখাউড়ার আদিলপুর গ্রামে হত্যা করেন বশির মিয়া।ওই ঘটনায় আখাউড়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।২০০৩ সালের ১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালত দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে মো. বশির মিয়াকে মৃত্যুদণ্ড দেন। এরপর তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।ওই সময়ে তাঁর পরিবারের পক্ষ থেকে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়। উচ্চ আদালতও নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার রাতে বশিরের ফাঁসি হয়।পরে রাত আড়াইটায় বশিরের স্বজনেরা কারাগার থেকে মরদেহ নিয়ে যান। ডিআইজি প্রিজন মো. ফজলুর রহমান বলেন, ‘একটি হত্যা মামলায় ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়। বুধবার রাতেই ওই ব্যক্তির লাশ পরিবারের সদস্যরা বুঝে নেন।’