কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনালে ছিনতাইকে কেন্দ্র করে সংঘর্ষ
কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনালে নাঙ্গলকোটগামী শাপলা পরিবহনের এক যাত্রীর ব্যাগ ছিনতাইকে কেন্দ্র করে গতকাল শনিবার দুপুরে নগরের আশ্রাফপুর এলাকায় পরিবহন শ্রমিকদের সঙ্গে ছিনতাইকারীদের সংঘর্ষ হয়। এতে পাঁচ শ্রমিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পরিবহন শ্রমিকেরা কুমিল্লা-নোয়াখালী সড়ক অবরোধ করে রাখেন সাড়ে তিন ঘণ্টা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল সাড়ে চারটায় যান চলাচল পুনরায় শুরু হয়। শ্রমিক, পুলিশ ও বাসমালিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুর একটায় কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনালের শাপলা পরিবহনে ব্যাগ নিয়ে ওঠেন জনৈক যাত্রী। ওই সময় আশ্রাফপুর এলাকার ছিনতাইকারী মোরশেদ আলমের নেতৃত্বে একদল ছিনতাইকারী ওই যাত্রীর ব্যাগ নিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করে। তখন শাপলা পরিবহনের করণিক মামুনুর রশিদ মোরশেদকে বাধা দেন। একপর্যায়ে মোরশেদ ও তার সহযোগীরা মামুনুর রশিদকে ছুরিকাঘাত করে। ওই সময়ে মামুনের পেট থেকে ভুঁড়ি বেরিয়ে যায়। তাঁকে দ্রুত কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ওই খবর পেয়ে সেখানে উপস্থিত অন্য শ্রমিকেরা মোরশেদকে ঘেরাও করে রাখেন। খবর পেয়ে মোরশেদের সহযোগী মোস্তাক লাঠিসোঁটাসহ দলবল নিয়ে এসে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচ শ্রমিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যায়। ওই সময়ে মোস্তাক পালিয়ে গেলেও মোরশেদকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ অবস্থায় পরিবহন শ্রমিকেরা দুপুর একটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কুমিল্লা-নোয়াখালী সড়কে এলোপাতাড়ি যানবাহন রেখে অবরোধ করেন। পরে পুলিশ বিচার ও মামলা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।