কুমিল্লা চিড়িয়াখানার 'যুবরাজ' অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা চিড়িয়াখানায় একটিমাত্র সিংহ আছে। যুবরাজ নামের সিংহটির গর্জনে এত দিন আশপাশের মানুষের ঘুম ভাঙত। কিন্তু এখন যুবরাজ অসুস্থ। তর্জন-গর্জন করে না। প্রায় সারাক্ষণ আধমরার মতো শুয়ে থাকে।

জেলা পরিষদের নিম্নমান সহকারী কিশোর কুমার দেবরায় প্রথম আলোকে বলেন, ২০০৪ সালের ১৩ জুন চট্টগ্রামের ফয়’স লেকের চিড়িয়াখানা থেকে সিংহটি এখানে আনা হয়। এরপর থেকে কুমিল্লা চিড়িয়াখানার উত্তর-পূর্ব কোণের একটি খাঁচায় রাখা হয়। ওই খাঁচাতেই সিংহটির এক যুগ কেটেছে। সপ্তাহে ছয় দিন যুবরাজকে নয় কেজি করে গরুর মাংস ও রোববার নয় কেজি দেশি মুরগির মাংস দেওয়ার কথা।

তবে স্থানীয় বাসিন্দা ও চিড়িয়াখানায় প্রায়ই নিয়মিত ঘুরতে যাওয়া অন্তত পাঁচজন অভিযোগ করেছেন, পর্যাপ্ত খাবার না পেয়ে দিনে দিনে কাহিল হয়ে পড়েছে যুবরাজ। সিংহটিকে দেখার জন্যই শত শত মানুষ এই চিড়িয়াখানায় আসত। কিন্তু এত দিনে যুবরাজ প্রায় চলার শক্তিই হারিয়ে ফেলেছে। এখন মটকা মেরে পড়ে থাকে। কোনো সাড়াশব্দ নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৪ অক্টোবর যুবরাজের খাবারের প্রতি অনীহা দেখা দেয়। তখন জেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন মো. নাজমুল হককে দেখানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভেটেরিনারি সার্জন নাজমুল হক বলেন, যুবরাজ চর্মরোগে ভুগছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।

পর্যাপ্ত খাবার সরবরাহ না করার অভিযোগ অস্বীকার করে চিড়িয়াখানার ইজারাদার আনিসুর রহমান বলেন, ‘শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ে আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে যুবরাজকে খাবার দিই। বর্তমানে মুরগি দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ৫ লাখ ৭৫ হাজার টাকায় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন ইজারা নেওয়া হয়েছে। সিংহটি ছাড়া এখানে দেখার কিছু নেই। আমরা কিছু ঘুঘু, টার্কিস মোরগ, তিতির, খরগোশ ও বানর এনেছি। চিড়িয়াখানায় প্রবেশে টিকিটের মূল্য ১০ টাকা। প্রতি শুক্রবার ৩০০ জনের মতো দর্শনার্থী হয়। অন্য দিন এ সংখ্যা গড়ে ২০০ জন।’

১৯৮৬ সালে শহরের কালিয়াজুরি মৌজার ১০ দশমিক ১৫ একর জায়গা নিয়ে কুমিল্লা বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা প্রতিষ্ঠা করেন তৎকালীন জেলা প্রশাসক এ কে এম আবদুস সালাম। এর মধ্যে ৯ দশমিক ৪০ একরে বোটানিক্যাল গার্ডেন ও দশমিক ৭৫ একর জায়গায় চিড়িয়াখানার সীমানা নির্ধারণ করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক বলেন, ‘সিংহটির বয়স আনুমানিক ১৬ বছর। বয়সের কারণে নানা অসুখে ভুগছে। বিশেষজ্ঞ পাঠানোর জন্য ঈদের আগে ঢাকায় চিঠি দিয়েছি। এ ছাড়া সিংহটিকে পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখব।’