কুমিল্লা জেলা আ.লীগের বর্ধিত সভায় হত্যা মামলার আসামি
কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সারওয়ার আলম ওরফে পলাশ হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেনকে পুলিশ খুঁজে পাচ্ছে না। অথচ গতকাল শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন তিনি।জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাংসদ আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, দুই যুগ্ম আহ্বায়ক আফজল খান ও সফিকুল ইসলাম শিকদার, সাংসদ তাজুল ইসলাম, নাছিমুল আলম চৌধুরী ও জোবেদা খাতুন এবং কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক।আ হ ম মুস্তফা কামালের সদর দক্ষিণ উপজেলার দুতিয়ারপুর গ্রামের বাড়িতে ওই সভা হয়। সাজ্জাদ হোসেন দিনভর ওই সভায় উপস্থিত ছিলেন। সাজ্জাদ বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান। সদস্য হিসেবে তিনি জেলা কমিটির বর্ধিত সভায় যোগ দেন।দলীয় নেতা-কর্মীরা জানান, গতকাল বেলা ১১টায় সভা শুরু হওয়ার আগেই সাজ্জাদ সভাস্থলে উপস্থিত হন। সভা শুরু হওয়ার পর তিনি সামনের কাতারে বসেন। সাংসদ নাছিমুল আলম চৌধুরী ও দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি শাহিনুল ইসলামকে তাঁর পাশে দেখা গেছে। পরে তিনি দলের বিভিন্ন নেতা-কর্মীর সঙ্গে করমর্দন করেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম শাহনেওয়াজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাজ্জাদ হোসেনের আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত থাকার বিষয়টি তাঁরা জানেন না।পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান বলেন, ‘সাজ্জাদ হোসেন এজাহারভুক্ত প্রধান আসামি। তিনি যে ওই সভায় উপস্থিত ছিলেন, তা আমি জানি না।’ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার বলেন, ‘সাজ্জাদ হোসেন ওই সভায় দলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।’ সাজ্জাদ হোসেন বলেন, ‘আমাকে অসত্য মামলায় আসামি করা হয়েছে। দলের সভা ডাকায় সেখানে উপস্থিত হয়েছি। ওই হত্যাকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই।’ বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম খান গত মঙ্গলবার সারওয়ারের জানাজায় গিয়ে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। অথচ গতকাল তাঁকে সাজ্জাদের সঙ্গে একই টেবিলে বসে দুপুরের খাবার খেতে দেখা গেছে।সোমবার বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সামনে প্রকাশ্যে সারওয়ারকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহত ব্যক্তির মা আমির চান বেগম সাজ্জাদ হোসেনসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।