কুমিল্লা জেলা ছাত্রলীগের সহসভাপতি ছুরিকাহত পিঠে ৫২টি সেলাই
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈনউদ্দিন সফিকুর রহমান গতকাল রোববার ছুরিকাহত হয়েছেন। তাঁর পিঠে ৫২টি সেলাই দেওয়া হয়েছে। প্রতিপক্ষের হামলায় একই দিন আহত হয়েছেন তাঁর পক্ষের আরও পাঁচজন কর্মী। প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবিদার মাহমুদুর রহমান ও আল আমিন পক্ষের কর্মী লোকপ্রশাসন বিভাগের মনির হোসেন ও ইংরেজি বিভাগের ফাহিম হোসেন গতকাল মার্কেটিং বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র ও জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈনউদ্দিন পক্ষের পিয়াস, বাবলু, হাবিবুর রহমানসহ অন্তত পাঁচজন কর্মীকে মারধর করে আহত করেন। গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাঁরা যখন তৃতীয় ব্যাচের শিক্ষার্থী পিয়াস ও বাবলুকে মারতে উদ্যত হন, তখন সেখানে হাজির হন মঈনউদ্দিন। এ সময় তিনি তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর পিঠে ছুরিকাঘাত করেন মনির হোসেন। ফাহিমও তাঁকে মারধর করেন। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পিঠে ৫২টি সেলাই দেওয়া হয়েছে। মঈনউদ্দিন অভিযোগ করেন, প্রতিপক্ষের মনির ও ফাহিমের নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়।প্রতিপক্ষের নেতা মাহমুদুর রহমান ও আল-আমিন দাবি করেন, মঈনউদ্দিন সফিকুর রহমানকে মারধরের সময় তাঁরা সেখানে ছিলেন না। তবে তাঁদের অনুসারীরা তাঁকে আঘাত করে থাকতে পারে বলে তিনি জানান।এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি আ ফ ম আহসান উদ্দিন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। সেখানে ছাত্রলীগের কোনো কমিটি নেই। এ ধরনের কোনো কর্মকাণ্ডের দায়িত্ব ছাত্রলীগ নেবে না।